• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে: একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯০০

প্রকাশিত: ১৭:২০, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ডেঙ্গুর প্রকোপ বাড়ছে: একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯০০

প্রতিকী ছবি

দেশে ডেঙ্গুর প্রকোপে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৮ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার। বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন মোট ৪৭৮ জন। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই মৃত্যু হয়েছে ১৭৪ জনের। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯০০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৬৮ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৯ হাজার ১২৩ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭৮০ জন। এ ছাড়া বরিশাল বিভাগে ২৪৯ জন, চট্টগ্রামে ২৪২ জন, খুলনায় ২২৬ জন, রাজশাহীতে ১৯৮ জন, রংপুরে ১০৯ জন, ময়মনসিংহে ৮৫ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিভি/অনলাইন/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত