নদীর বুকে ভাসমান হাসপাতাল, ৫০ টাকায় মিলছে চিকিৎসা!
চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয় না, হাসপাতালই ছুটে আসে মানুষের কাছে! মাত্র ৫০ টাকার টিকিটে মিলছে চিকিৎসা।
হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসা নিতে ভিড় করেন ১২০ থেকে ১৫০ জন রোগী। নদীপথে বিচ্ছিন্ন জনপদের মানুষের কাছে এ যেন ভাসমান এক আশার ঠিকানা।
নদী আছে, জনপদ আছে, আছে মানুষের বসতিও। কিন্তু অনেকের কাছেই নেই সহজে চিকিৎসা পাওয়ার সুযোগ। হাসপাতাল দূরে, যাতায়াতে খরচ বেশি, আবার অনেকের সামর্থ্যও সীমিত। ফলে অসুস্থতা নিয়েই দিন পার করতে হয় অনেককে। এমন মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতেই নদীর বুকে ভাসছে ইমপ্যাক্ট জীবনতরী ভাসমান হাসপাতাল।
চলতি বছরের ১০ সেপ্টেম্বর থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে শুরু হয়েছে হাসপাতালটির কার্যক্রম। বহির্বিভাগে দায়িত্ব পালন করছেন তিনজন চিকিৎসক। চোখ, নাক-কান-গলা, শারীরিক প্রতিবন্ধকতাসহ বিভিন্ন সমস্যার চিকিৎসা দেওয়া হয়। রোগের ধরন ও প্রয়োজন অনুযায়ী রয়েছে অস্ত্রোপচারের ব্যবস্থাও।
১৯৯৯ সালে যাত্রা শুরু করা জীবনতরী ভাসমান হাসপাতালের মূল লক্ষ — 'মানুষের কাছে হাসপাতাল, হাসপাতালের কাছে মানুষ নয়।' এই চিন্তা থেকেই দেশের নদীবেষ্টিত ও প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাচ্ছে ভাসমান হাসপাতালটি। কোনো এলাকায় মানুষের চিকিৎসার প্রয়োজন বিবেচনায় ছয় মাস থেকে এক বছর পর্যন্ত অবস্থান করে প্রতিষ্ঠানটি। ফলে দুর্গম এলাকার মানুষও পাচ্ছেন তুলনামূলক সহজে চিকিৎসা নেওয়ার সুযোগ।
চিকিৎসাসেবার পাশাপাশি শারীরিক প্রতিবন্ধকতা প্রতিরোধ ও স্বাস্থ্যসচেতনতা তৈরিতেও কাজ করছে প্রতিষ্ঠানটি। রূপগঞ্জের কাঞ্চন পৌর পার্কসংলগ্ন শীতলক্ষ্যা নদীর ঘাটে নোঙর করা হাসপাতালটি স্থানীয় অনেক মানুষের চিকিৎসার ভরসা। প্রতিদিনের রোগীর উপস্থিতিই বলে দিচ্ছে, এমন উদ্যোগ কতটা প্রয়োজনীয়।
এমন উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় প্রশাসনও।
নদী যতই দুর্গম হোক, চিকিৎসা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হবে না কোনো মানুষ। ৫০ টাকার টিকিটে ভাসমান এই হাসপাতাল শুধু চিকিৎসাই দিচ্ছে না, অসংখ্য মানুষের মনে জোগাচ্ছে নতুন করে সুস্থভাবে বেঁচে থাকার আশা। হাসপাতাল যখন মানুষের কাছে পৌঁছে যায়, তখন দূরত্ব আর দারিদ্র্যও চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।
বিভি/এজেড













মন্তব্য করুন: