যশোর জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট চালুর আশ্বাস প্রতিমন্ত্রীর
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট পূর্ণাঙ্গভাবে চালুর পর এ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) যশোর সদর উপজেলার দুস্থ-অসহায় পরিবার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত জানান, হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট পূর্ণাঙ্গ করার কাজ চলছে। আগামী বছরের জুনে এটি চালু করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা। এরপর কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হবে। সাধারণ মানুষ যাতে সরকারি ব্যবস্থাপনায় ডায়ালাইসিসের সুবিধা পান, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২০০টি দুস্থ-অসহায় পরিবার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে সার বিতরণ ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে সার ও বীজ মনিটরিং কমিটি পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সার বিতরণে কোনো অনিয়ম বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে ডিলারের রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় বিবেচনা করা হবে না।
সার বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ডিলারশিপ বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন না। একইভাবে আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না—এ নিশ্চয়তা দিতে চায় সরকার।
সরকারি ভাতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অতীতে ভাতা পেতে অর্থ লেনদেন কিংবা জনপ্রতিনিধিদের কাছে ধরনা দেওয়ার অভিযোগ ছিল। এখন থেকে কোনো সরকারি ভাতা পেতে কাউকে অর্থ দিতে হবে না বা কারও কাছে ধরনা দিতে হবে না। ভাতা পাওয়ার জন্য কেউ অর্থ লেনদেন করলে তিনি যেমন কার্ড পাবেন না, তেমনি যিনি অর্থ গ্রহণ করবেন, তাঁর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের জবাবদিহি প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে চায় সরকার। জনপ্রতিনিধি হিসেবে তিনিও জনগণের কাছে জবাবদিহি করবেন। একইভাবে সরকারি কর্মকর্তাদেরও জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ রায়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা গোলাম রেজা দুলু ও মিজানুর রহমান খান।
বিভি/ইউএনবি/এজেড













মন্তব্য করুন: