• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

‘ডেঙ্গুতে মৃত্যু সরকারি হিসেবের কয়েকগুণ বেশি’

বাইজীদ সা’দ

প্রকাশিত: ০৮:৪৬, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘ডেঙ্গুতে মৃত্যু সরকারি হিসেবের কয়েকগুণ বেশি’

ছোট ভাই আরিফ ফয়সালের শয্যার পাশে মন খারাপ করে বসে আছেন মালেক সরকার। দুদিন হলো ২৩ বছর বয়সী ফয়সালকে ঢাকা ন্যাশনাল মেডিকেলে ভর্তি করা হয়েছে। প্রথমে জ্বর ও শরীরব্যথা নিয়ে আসার পর পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। ভর্তির সময় প্লাটিলেট দেড় লাখ থাকলেও সর্বশেষ তা নেমে এসেছে ২২ হাজারে। বয়স কম হলেও প্লাটিলেট মারাত্মকভাবে কমে যাওয়ায় ভাইটিকে নিয়ে মালেকের উদ্বেগ এখন চরমে।

রাজধানীর বিভিন্ন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে মালেক সরকারের মতো এমন উৎকণ্ঠা নিয়ে দিন কাটাচ্ছেন আরও অসংখ্য স্বজন। রোগী ও স্বজনদের উপচে পড়া ভিড়ে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে এখন তীব্র শয্যা সংকট। কেউ হাতে পরীক্ষার রিপোর্ট নিয়ে ছুটছেন, কেউ অপেক্ষা করছেন চিকিৎসকের জন্য। শয্যা না পেয়ে অনেক রোগীকে বাধ্য হয়ে মেঝেতে বা বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে।

মানিকগঞ্জের ৩২ বছর বয়সী নুসরাত ডেঙ্গু আক্রান্ত হয়ে চারদিন ধরে মুগদা হাসপাতালে মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন। তার স্বামী শফিকুল ইসলাম জানালেন, ভর্তির সময় প্লাটিলেট ৬০ হাজারে নেমে যাওয়ায় তারা খুব ভয় পেয়েছিলেন। তবে চিকিৎসকদের আশ্বাসে এবং গতকাল থেকে প্লাটিলেট বাড়তে থাকায় তাদের দুশ্চিন্তা কিছুটা কমেছে।

অন্যদিকে, ছয় বছরের শিশু নাইমের মা সানজিদা খাতুন চরম হতাশা নিয়ে জানান, তিন দিন ধরে ছেলের প্রচণ্ড জ্বর থাকলেও কোনো সিট না পাওয়ায় মেঝেতেই স্যালাইন দিতে হচ্ছে, মশারি টানানোর কোনো উপায়ও নেই।

রোগীদের এই প্রবল চাপ সামলাতে চিকিৎসকদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। ডেঙ্গুর বর্তমান ধরন নিয়ে চিকিৎসক রিয়াদ মাহমুদ বলেন, বেশির ভাগ রোগী একেবারে শেষ মুহূর্তে ডেঙ্গু শক সিনড্রোম নিয়ে হাসপাতালে আসছেন। তখন আসলে চিকিৎসকদের খুব বেশি কিছু করার থাকে না। জ্বর হলে অবহেলা না করে শুরুতেই ডেঙ্গু পরীক্ষা করানো এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

পরিস্থিতির এমন অবনতির মধ্যে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ৫৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৬৭৩ জনই ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫১ জন, খুলনা বিভাগে ২০১ জন, বরিশাল বিভাগে ১৮৪ জন, রাজশাহী বিভাগে ১৪৫ জন, রংপুর বিভাগে ৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৪ হাজার ১০৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০২ জনের। সর্বোচ্চ ২৫১ জন মারা গেছেন ঢাকা বিভাগে। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি নভেম্বরের প্রথম ১৬ দিনেই ৮৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে অক্টোবরে সর্বোচ্চ ১৭৪ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জন মারা যান।

পরিস্থিতির ভয়াবহতা নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, সরকারি হিসাবে ৫০০-র মতো মৃত্যু হলেও বেসরকারি গণনায় এ সংখ্যা কয়েকগুণ বেশি। ডেঙ্গুকে নির্মূল এবং প্রতিরোধ করতে হলে এর বাহক এডিস মশাকে মেরে ফেলতে হবে এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। এটি করতে গেলে রাজনীতি থেকে শুরু করে সারা দেশে যুগপৎভাবে পরিচ্ছন্নতা অভিযান চালানোর উদ্যোগ নিতে হবে। কারণ শুধু একটি জায়গায় ওষুধ ছিটালে সেখান থেকে মশা উড়ে অন্য জায়গায় চলে যাবে। তাই পুরো দেশে সমন্বিতভাবেই এ কার্যক্রম চালাতে হবে। এই কাজ সফল করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ উদ্যোগ নিতে হবে এবং ছাত্র, সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক কর্মীদের যুক্ত করতে হবে। তা না হলে ডেঙ্গু প্রতিরোধের কার্যক্রম শুধু বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

ডেঙ্গু প্রতিরোধে সারা বছরব্যাপী পরিকল্পনার অভাবের সমালোচনা করে এই বিশেষজ্ঞ আরও বলেন, যতবারই প্রাদুর্ভাব বাড়ে, আমাদের পক্ষ থেকে প্রস্তাব থাকে যে, ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধী কার্যক্রম অব্যাহত রাখতে হবে। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে একমত হলেও শেষ পর্যন্ত দেখা যায় তারা এই অবস্থান থেকে সরে আসে। এখন পর্যন্ত দেশে প্রান্তিক অঞ্চলকে যুক্ত করে মশা মারা ও ডেঙ্গু প্রতিরোধে কোনো সামগ্রিক ও সুসমন্বিত পরিকল্পনা করা হয়নি।

মশা নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন ডা. লেলিন চৌধুরী। তিনি বলেন, এখন পর্যন্ত দেশে যে ৭-৮টি মশার ওষুধ ছড়ানো হয়, দেখা গিয়েছে এর মধ্যে ১-২টি ছাড়া অধিকাংশ ওষুধই কোনো কাজে লাগছে না। সরকারি বা জনগণের অর্থের এমন অপচয় করার কোনো মানে হয় না। আমাদের পরামর্শ হলো- সঠিক গবেষণা সম্পন্ন করে তারপর যুগপৎভাবে সারা দেশে মশার কার্যকর ওষুধ দিতে হবে।

বক্তৃতাবাজি বন্ধ করে মাঠে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বেশির ভাগ সময় আমরা দেখি, ডেঙ্গুর প্রকোপ বাড়লে কর্তাব্যক্তিরা নানা রকম কঠিন ও কঠোর বক্তব্য দেন। কিন্তু দুঃখজনক হলো, নেতাদের সেই কঠিন-কঠোর কথা তো আর মশারা বোঝে না! আমরা সাধারণ মানুষ বলে হয়তো ভয় পেয়ে কিছু বলি না, কিন্তু মশারা তো আর নেতাদের নির্দেশ বোঝে না, তাই তারা নির্দেশ অমান্য করে মানুষকে কামড়াতে থাকে। তাই একটি সুসমন্বিত পরিকল্পনার মাধ্যমেই ডেঙ্গু নিয়ন্ত্রণ ও মশা নিধনে কাজ করতে হবে।

বিভি/বিএস/এমআর/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত