নাটোর জেনারেল হাসপাতাল: শয্যা বাড়লেও বাড়েনি জনবল
নাটোর জেনারেল হাসপাতাল
রোগীর চাপ সামাল দিতে নাটোর ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে শয্যাসংখ্যা বাড়ানো হলেও বাড়েনি চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল। ফলে বাড়তি শয্যার বিপরীতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এতে প্রতিদিন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি বাড়ছে। চিকিৎসক ও নার্সদেরও সামলাতে হচ্ছে অতিরিক্ত কাজের চাপ।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী সাথী খাতুন অভিযোগ করে বলেন, চিকিৎসকের কক্ষের সামনে সকাল সাড়ে ১০টা থেকে দাঁড়িয়ে আছি। দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। জানতে পারলাম তিনি ওয়ার্ডে আছেন।
রোগীর স্বজন আমেনা বেগম বলেন, সরকারি হাসপাতালে স্বল্প খরচে চিকিৎসা পাওয়ার আশায় তারা আসেন। কিন্তু জনবল সংকটের কারণে প্রত্যাশিত সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা কার্যক্রমেও ভোগান্তি পোহাতে হয়। জরুরি বিভাগ, মেডিসিন ওয়ার্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগে রোগীর চাপ বেশি থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
কর্ম দিবসে সকাল ৮টায় ওয়ার্ডে রাউন্ড দিতে হয়। তারপরে বহিঃর্বিভাগে রোগী দেখতে হয় ১০০ থেকে ১৩০ জন। প্রতি রোগি জন্য সময় দেওয়া যায় বড়জোর এক মিনিট। রোগীর চাহিদা অনুযায়ী সময় দেওয়া সম্ভব হয় না। ওয়ার্ড থেকে আসতে দেরি হলে হলে রোগিরা গালি দেয়। খারাপ খারাপ কথা বলে। আমরা তা শুনে হজম করি। এসব কথা শোনাচ্ছিলেন, নাটোর জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক আনিছুজ্জামান পিয়াস।
গত বৃহস্পতিবার বহির্বিভাগে ২০১৯ নম্বর কক্ষে রোগী দেখছিলেন আনিছুজ্জামান পিয়াস । কক্ষের ভিতরে প্রায় ২০ জন রোগি আর বাইরে দাঁড়িয়ে আছেন আরো ৫০জন রোগি। তখন বাজে দুপুর দেড়টা।
১০০ শয্যার হাসপাতালটি ১৯৯৫ সালে স্থাপনকালে চিকিৎসক ৩৯, নাসর্ ৫৯, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী ১০৭জনসহ জনবল ছিল ২০৫ জন। জনবল ঘাটতির মধ্যেই ২০২৩ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটিতে শয্যা বাড়িয়ে ২৫০ শয্যা করে। তবে কর্মী বাড়ানো হয়নি। বর্তমানে ২৫০ শয্যার বিপরীতে রোগী ভর্তি থাকে প্রায় ৭০০/৭৫০’র বেশি রোগি। রোগীকে বারান্দায় ও মেঝেতে রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। হাসপাতালের রেজিস্টার অনুযায়ী গত ১৫ নভেম্বর রোগী ভর্তি দেখা যায় ৬৯৫ জন।
মেডিসিন বিভাগের চিত্র
হাসপাতালে ৬টি বিভাগের মধ্যে রোগীর চাপ সবচেয়ে বেশি থাকে মেডিসিন বিভাগে। বিভাগের দুই ইউনিটে শয্যা ২০টি। গত ১৫ নভেম্বর রোগী ভর্তি দেখা যায় ৪৫০ জন। শয্যা সংকটে রোগী বারান্দায় ও মেঝেতে রাখা হয়েছে। চিকিৎসক আছেন দুই জন, নার্স ৪০ জন। রোগী ভর্তি অনুপাতে চিকিৎসক প্রয়োজন অন্তত ৭জন, নার্স ১০।
গাইনি বিভাগ
গাইনি বিভাগে শয্যা এক ইউনিট মিলে ২০টি। গত ১৫ নভেম্বর রোগী ভর্তি ছিল ৪০ জন। চিকিৎসক আছেন ১এক জন, নার্স ১১। চিকিৎসক প্রয়োজন আরো ৮ জন, নার্স ১০জন। এই বিভাগে ভর্তি আরিফা খাতুন বলেন, নার্সদের ডাকলে আসতে দেরি করে।
বিভাগের দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক ডা. তাছলিমা বেগম বলেন, চিকিৎসক, নার্স এবং ক্লিনারের সংকট আছে। জনবল বাড়লে রোগিরা আরো ভালো সেবা পাবেন। রোগি বেশি থাকায় রোগিদের সেবা দিতে দেরি হয়।
শিশু বিভাগ
শিশু বিভাগেও শয্যা ২০টি। গত ১৫ নভেম্বর ভর্তি ছিল ১৭০ জন। ওয়ার্ডের পার্শের এক টি কক্ষে হামের রোগীর সেবা দেয়া হয়। বিভাগে চিকিৎসক এক জন, নার্স ১১, ক্লিনার ২ জন। রোগী অনুপাতে চিকিৎসক ৮ জন, নার্স ১২জন প্রয়োজন।
ভর্তি শিশুর অভিভাবক সালমা আক্তার বলেন, চিকিৎসক আসে দিনে একবার। নার্সরা থাকলেও সমস্যা দেখা দিলে আসতে দেরি করে। একাধিক বার ডাকলে ক্ষেপে যান।
সার্জারি বিভাগ
সার্জারি বিভাগে শয্যা ২০টি। গত ১৫ নভেম্বর রোগী ভর্তি ছিল ৭৫ জন। চিকিৎসক আছেন একজন, নার্স ১৬জন। সার্জারি বিভাগের চিকিৎসক চিকিৎসক শহিদুল হক সুমন বলেন, বহিবিভাগে গিয়ে রোগি দেখতে দেখতে অপারেশনের জন্য আসতে হয়। এভাবে অনেক কষ্ট হয়ে যায়। তাপরেও সেবা দিয়ে যাচ্ছি।
সার্জারী বিভাগের নার্স ইনচার্জ নাজনিন সুলতানা বলেন, এই বিভাগে দুর্ঘটনা ও সংঘর্ষে আহত রোগী বেশি আসে। একটু দেরি হলে রোগীর স্বজনরা গালাগাল করে। নার্স রেনু করাইয়া বলেন, অপারেশনের যন্ত্রপাতি প্রস্তুত করতে দেরি হয়ে যায়। জনবল বেশি হলে রোগির সেবা দিতে দেরি হতো না।
সেবা নিতে আনা রোগী রোকিবুল্লাহ অভিযোগ করে বলেন, পিঠে টিউমার নিয়ে অপারেশন করানোর জন্য এসেছি। ব্যাথা নিয়ে এখানে এসে ২ ঘন্টা বসে আছি। তাও কোন খবর নাই।
বহির্বিভাগের চিত্র
গত ১০ নভেম্বর বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা একজন রোগি বলছিলেন, জ্বর মাথা ব্যাথা নিয়ে চিকিৎসকের কাছে গিয়ে বললেও পার্শে থাকা একজন প্রেসক্রিপশন করে দিয়েছে। চিকিৎসক শুধু তাকিয়ে থাকলেন। তিনি কিছুই বললেননা। প্রায় রোগিকেই এভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। বসে থেকেই সরকারী বেতন নেন তারা।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন রোগী আসে গড়ে ১০০০ থেকে ১২০০জন। বহির্বিভাগে ৩০জন চিকিৎসক আছেন। গড়ে দুইজন করে ছুটিতে থাকেন। একেকজন চিকিৎসক রোগী দেখেন ১৫০ জনের মতো।
নাটোর সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃমশিউর রহমান বলেন, হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানো হলেও জনবল বাড়ানো হয়নি। যে জনবল আছে, তাদের প্রচণ্ড চাপ সহ্য করতে হয়। বাড়তি চাপের কারণে এবং রোগীর স্বজনদের দাপটে অনেক সময় কর্মীরা মেজাজ ঠিক রাখতে পারেন না। তিনি আরো বলেন, হাসপাতালের জনবল বাড়ানোর জন্য নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।
হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও কর্মচারী নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, শুধু অবকাঠামো ও শয্যা বাড়ালেই মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। রোগীর অনুপাতে জনবল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করতে হবে।
বিভি/কেআই/এজেড













মন্তব্য করুন: