• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৩০ জন

প্রকাশিত: ১৮:০৫, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৩০ জন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছর হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি এক হাজার ৩৩৬ জনে দাঁড়ালো। এ ছাড়া গত একদিনে নতুন করে এক হাজার ৩৩০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত একদিনে শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট বিভাগে হামের উপসর্গে আরও তিন জনের প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৩৩৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৩১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৩০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৩ হাজার ৪০৮ জনে। এ ছাড়া গত একদিনে নতুন করে ৯৫ জন হামে আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৫ হাজার ৮৮১ জন হামে আক্রান্ত হয়েছে।

অন্যদিকে গত ১৫ মার্চ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ২৬ হাজার ৪৬৯ জন রোগী ভর্তি হয়েছে। সেই সঙ্গে একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন।

বিভি/এসজি

মন্তব্য করুন: