আন্তর্জাতিক ক্যান্সার কংগ্রেসে প্রশংসিত বাংলাদেশি চিকিৎসকের গবেষণা উপস্থাপনা
আন্তর্জাতিক ক্যান্সার কংগ্রেসে গবেষণাভিত্তিক উপস্থাপনা করে প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডা. মুহাম্মদ মিজানুর রহমান। মুখের ক্যান্সারের অস্ত্রোপচারের পর ক্ষতস্থান পুনর্গঠনে জিহ্বা ও জিহ্বার নিচের মিউকোসা ব্যবহারের কার্যকর পদ্ধতি নিয়ে নিজের গবেষণা ও চিকিৎসা অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
বাংলাদেশ আন্তর্জাতিক ক্যান্সার কংগ্রেস ২০২৬-এর দ্বিতীয় দিনের বৈজ্ঞানিক অধিবেশনে এ গবেষণা উপস্থাপন করেন ডা. মিজানুর রহমান। তার উপস্থাপনায় মুখের ক্যান্সারের অস্ত্রোপচারের পর সৃষ্ট ক্ষত পুনর্গঠনে জিহ্বা ও জিহ্বার নিচের মিউকোসা ব্যবহারের বিভিন্ন দিক ও সম্ভাবনা তুলে ধরা হয়। এতে উপস্থিত চিকিৎসক ও বিশেষজ্ঞদের আগ্রহ তৈরি হয়।
দন্ত চিকিৎসায় দেশের সর্বকনিষ্ঠ এফসিপিএস ডিগ্রিধারী হিসেবে পরিচিত ডা. মিজানুর রহমানের এ গবেষণা ক্যান্সার চিকিৎসায় অস্ত্রোপচারের পাশাপাশি পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়ার গুরুত্বও সামনে এনেছে।
দেশ-বিদেশের ক্যান্সার বিশেষজ্ঞ, চিকিৎসক ও গবেষকদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে ক্যান্সার প্রতিরোধ, আধুনিক চিকিৎসাপদ্ধতি এবং গবেষণার নানা দিক নিয়ে আলোচনা হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক এ কংগ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমান।
আন্তর্জাতিক এ সম্মেলনে ডা. মিজানুর রহমানের গবেষণা উপস্থাপন বাংলাদেশের চিকিৎসকদের গবেষণা, মেধা ও পেশাগত দক্ষতা বিশ্বমঞ্চে তুলে ধরার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
বিভি/এসএএম/এজেড













মন্তব্য করুন: