হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৩৪৩
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত শিশুর সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৮৩১ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৯৪ শিশু।
শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম পরিস্থিতি নিয়ে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে এই সময়ে সন্দেহজনক হামে ঢাকা বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজন শিশু প্রাণ হারিয়েছে। এর ফলে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মৃত শিশুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৩৮ জনে। আর নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হওয়া ৯৪ শিশুর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৫ জন, সিলেটে ২৫ জন, চট্টগ্রামে ১২ জন এবং রংপুর বিভাগে দুজন রয়েছে। অন্যদিকে নতুন শনাক্ত হওয়া ৮৩১ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৩৫৭ জন, চট্টগ্রামে ১৪৫ জন, সিলেটে ১০১ জন, বরিশালে ৮৩ জন, খুলনায় ৬০ জন, ময়মনসিংহে ৫৬ জন, রংপুরে ১৮ জন এবং রাজশাহী বিভাগে ১১ শিশু আক্রান্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে ২ লাখ ৫৫ হাজার ৪২৪ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ২৬ হাজার ৬০ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৮ হাজার ৪৬৬ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ১৯ হাজার ৭১৮ শিশু।
বিভি/বিএস/এআই













মন্তব্য করুন: