• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করতে পারে এআইয়ের গোপন আবিষ্কার!

প্রকাশিত: ০০:৫৯, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করতে পারে এআইয়ের গোপন আবিষ্কার!

ছবি: এআই

বিশ্বজুড়ে ব্যাংক, সরকার ও গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য সুরক্ষাব্যবস্থা কি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে? কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাম্প্রতিক অগ্রগতি ঘিরে এমনই উদ্বেগ তৈরি হয়েছে প্রযুক্তি ও গণিত বিশেষজ্ঞদের মধ্যে। তাদের আশঙ্কা, কয়েক দশক ধরে অমীমাংসিত থাকা জটিল কিছু গাণিতিক সমস্যার সমাধান করে ফেলতে পারে শক্তিশালী এআই মডেল। এমন কোনো আবিষ্কার সত্যি হয়ে থাকলে প্রচলিত এনক্রিপশন প্রযুক্তির নিরাপত্তা ভেঙে পড়তে পারে। ঝুঁকিতে পড়তে পারে ব্যাংক লেনদেন, সরকারি গোপন নথি, কূটনৈতিক যোগাযোগ থেকে শুরু করে কোটি কোটি মানুষের ব্যক্তিগত তথ্য।

বিশেষজ্ঞদের ধারণা, এআই প্রতিষ্ঠানগুলোর হাতে এমন কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতির তথ্য রয়েছে, যা প্রকাশ্যে এলে কয়েক মাসের মধ্যেই বিশ্বজুড়ে তথ্য সুরক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন হতে পারে। যদিও প্রতিষ্ঠানগুলো এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি, তবে সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

তাত্ত্বিক কম্পিউটারবিজ্ঞানী স্কট অ্যারনসন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, কয়েক দশক ধরে অমীমাংসিত থাকা গণিতের কিছু সমস্যা নিয়ে শক্তিশালী এআই মডেলগুলোর উল্লেখযোগ্য অগ্রগতির বিষয়ে নির্ভরযোগ্য সূত্রে গুঞ্জন রয়েছে। এসব সমস্যার সঙ্গে বিশ্বজুড়ে গোপন তথ্য সুরক্ষায় ব্যবহৃত এনক্রিপশন পদ্ধতির গভীর সম্পর্ক রয়েছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, এআই যদি এনক্রিপশন ভাঙার কার্যকর কোনো পদ্ধতি উদ্ভাবন করে থাকে, তাহলে হ্যাকারসহ বিভিন্ন পক্ষ সহজেই বিপুল পরিমাণ গোপন তথ্যের নাগাল পেতে পারে। এমন পরিস্থিতিতে সরকার, গোয়েন্দা সংস্থা, ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে তাদের যোগাযোগ ও তথ্য সুরক্ষাব্যবস্থার ভিত্তি দ্রুত পরিবর্তন করতে হতে পারে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের কম্পিউটারবিজ্ঞানের অধ্যাপক স্টিভেন মারডক বলেন, যারা মনে করতেন এআই দিয়ে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান সম্ভব নয়, তারা এখন ভুল প্রমাণিত হয়েছেন। তার ভাষায়, ‘এখন এআইয়ের সক্ষমতার সীমা কোথায়, তা আর স্পষ্ট নয়।’

বিবিসি রেডিও ফোরের ‘টুডে’ অনুষ্ঠানে গণিতবিদ মার্কাস ডু সটয় বলেন, সাম্প্রতিক আবিষ্কারগুলোর ব্যাপক প্রভাব কী হতে পারে, তা এখনো পরিষ্কার নয়। তবে ইলেকট্রনিক গোপন তথ্য সুরক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাটি নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না। তার আশঙ্কা, এআই হয়তো এরই মধ্যে সেই সমস্যার সমাধান করে ফেলেছে। সম্ভাব্য বড় প্রভাবের কথা বিবেচনা করেই বিষয়টি গোপন রাখা হতে পারে।

শক্তিশালী ডিক্রিপশন প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সরকার, ব্যাংক ও গোয়েন্দা সংস্থাগুলো কয়েক বছর ধরেই প্রস্তুতি নিচ্ছে। এত দিন এ আশঙ্কার প্রধান কারণ ছিল কোয়ান্টাম কম্পিউটার। ভবিষ্যতে এসব কম্পিউটার তৈরি হলে প্রচলিত এনক্রিপশন ব্যবস্থার ভিত্তি হিসেবে ব্যবহৃত কয়েক দশক পুরোনো অ্যালগরিদম ভেঙে ফেলতে পারবে বলে ধারণা করা হয়।

তবে কোয়ান্টাম কম্পিউটারের সেই সক্ষমতা অর্জনে এখনো কয়েক বছর সময় লাগতে পারে। কিন্তু এআইয়ের সাম্প্রতিক অগ্রগতি সেই সময়সীমা অনেকটা এগিয়ে আনতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

মারডক জানান, কোয়ান্টাম কম্পিউটারের আক্রমণ থেকে সুরক্ষিত নতুন ধরনের এনক্রিপশন ব্যবস্থা তৈরিতে বিভিন্ন সরকার ও প্রযুক্তি প্রতিষ্ঠান কাজ করছে। তবে এই পরিবর্তন সম্পন্ন করার লক্ষ্য ছিল ২০৩২ সালের কাছাকাছি সময়। নির্ধারিত সময়ের মধ্যে সেই লক্ষ্য অর্জন করা নিয়েও সংশয় রয়েছে।

স্কট অ্যারনসন ও অন্য বিশেষজ্ঞদের ধারণা, এআই হয়তো এনক্রিপশন ভাঙার নতুন কোনো কৌশল বের করেছে। তবে এর বিপরীত সম্ভাবনাও রয়েছে। এআই হয়তো প্রমাণ করতে পারে, এনক্রিপশন ভাঙার এমন কোনো সহজ পদ্ধতি আদৌ নেই।

এনক্রিপশনের ভিত্তি হিসেবে ব্যবহৃত গাণিতিক সমস্যাগুলো বিশ্লেষণ করেই এ ধরনের অগ্রগতি সম্ভব হতে পারে। এসব সমস্যার অনেক কিছুই এখনো পুরোপুরি বোঝা যায়নি। এআই যদি সেগুলোর সমাধান করতে পারে, তাহলে বিপুল পরিমাণ গোপন তথ্য উন্মুক্ত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। তবে একই গবেষণা প্রচলিত নিরাপত্তাব্যবস্থা আগের ধারণার চেয়েও বেশি শক্তিশালী—এমন প্রমাণও দিতে পারে।

এনক্রিপশন নিয়ে বড় কোনো আবিষ্কারের বিষয়ে এআই প্রতিষ্ঠানগুলো এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বলে জানিয়েছেন অ্যারনসন। তবে তাঁর মতে, বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা ধরে নিচ্ছেন, এমন অগ্রগতি ঘটেছে।

ইউনিভার্সিটি অব সারের কম্পিউটারবিজ্ঞানের অধ্যাপক অ্যালান উডওয়ার্ড বলেন, গাণিতিক কোনো অগ্রগতি মানেই রাতারাতি বিশ্বজুড়ে বিশৃঙ্খলা তৈরি হওয়া নয়। তবে কয়েক দশক ধরে রহস্যে ঢাকা সমস্যাগুলো এআই যেভাবে দ্রুত সমাধান করছে, তা উদ্বেগের কারণ। তার মতে, বড় কোনো পরিবর্তন হঠাৎ সামনে আসতে পারে—এমন পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত থাকতে হবে।

চলতি সপ্তাহের শুরুতে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি এআই প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যানথ্রপিকের সম্ভাব্য অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। নতুন মডেল জনসাধারণের জন্য উন্মুক্ত করার ক্ষেত্রে প্রতিষ্ঠান দুটিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

গত কয়েক সপ্তাহে এআই প্রতিষ্ঠানগুলো গণিতের এমন কিছু ফলাফলের প্রমাণ প্রকাশ করেছে, যা এনক্রিপশনসংক্রান্ত প্রশ্নের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এর মধ্যে কম্পিউটেশনাল জটিলতা বা কোনো সমস্যা সমাধান করতে কতটা গণনাশক্তি প্রয়োজন, তা শ্রেণিবদ্ধ করার একটি মৌলিক সমস্যাও রয়েছে।

অ্যারনসনের মতে, এসব অগ্রগতি গণিত ও কম্পিউটারবিজ্ঞানের বিশেষজ্ঞদের কাছে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা দিয়েছে। যারা দীর্ঘদিন ধরে এসব সমস্যা নিয়ে কাজ করছেন, তাদের অনেকেই এমন সমাধান নিজেদের জীবদ্দশায় দেখতে পাবেন বলে ভাবেননি।

তবে উডওয়ার্ড মনে করেন, চলতি সপ্তাহের মধ্যেই এনক্রিপশনব্যবস্থা অকার্যকর হয়ে যাবে—এমন সম্ভাবনা কম। এ ধরনের কোনো আবিষ্কার হয়ে থাকলেও তা ব্যাপকভাবে প্রয়োগের ক্ষেত্রে নানা বাধা রয়েছে।

তার মতে, বড় ব্যাংক ও সরকারগুলোকে দ্রুত পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। যেসব প্রতিষ্ঠান দ্রুত নিরাপত্তাব্যবস্থা হালনাগাদ করতে পারবে, তারা সুরক্ষিত থাকবে। আর যারা পরিবর্তনে দেরি করবে, তারা বড় ঝুঁকিতে পড়তে পারে।

এ বিষয়ে মন্তব্য জানতে ওপেনএআই ও অ্যানথ্রপিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সূত্র: গার্ডিয়ান

বিভি/পিএইচ

মন্তব্য করুন: