• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কলকাতায় ভবন ধস 

আহত মমতা ব্যানার্জি দেখতে গেলেন আহতদের

প্রকাশিত: ১৬:১৯, ১৮ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
আহত মমতা ব্যানার্জি দেখতে গেলেন আহতদের

ছবি: হাসপাতালে আহতদের দেখতে মমতা ব্যানার্জি

কয়েক দিন আগেই কপালে চোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজ বাসায় পড়ে গিয়ে আহত হন তিনি।  তার কপাল এবং নাকে সেলাই পড়েছে। চিকিৎসকরা তাকে ১০ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। এর মধ্যেই সোমবার (১৮ মার্চ) সকালে মাথায় ব্যান্ডেজ নিয়ে গার্ডেনরিচে নির্মিত বহুতল ভবন ভেঙে পড়ে আহতদের দেখতে গেলেন তিনি।  

ঘটনাস্থল পরিদর্শনের পর মমতা বলেন, ‘এটা খুব ঘিঞ্জি এলাকা। মন্ত্রীরা সারা রাত এখানে ছিলেন। প্রোমোটারদের একাংশ বেআইনিভাবে বাড়ি তৈরি করেন। তার আগে ভাবা দরকার, আশপাশে যারা আছেন, তাদের যাতে ক্ষতি না হয়। আমি শুনলাম, প্রশাসনের অনুমতি নিয়ে এই বহুতলটি তৈরি করা হয়নি। এখন রমজান মাস চলছে। সবাই উপোস করে থাকেন। তা-ও সারা রাত এলাকার মানুষ উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। স্বাস্থ্য দফতর, দমকল, পুলিশ, কাউন্সিলররা সারা রাত ধরে কাজ করেছেন।

ঘটনাস্থল পরিদর্শনের পর হাসপাতালেও যান মমতা। সেখান থেকে বেরিয়ে বলেন, হাসপাতালে যারা আছেন, তারা স্থিতিশীল।’ মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন মন্ত্রী সুজিত বসুও।

উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গে রবিবার মধ্যরাতে নির্মাণাধীন বহুতল ভেঙে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ৪ জন নিহত এবং কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। এছাড়াও এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে অনেকে। ভবনটির আশপাশে ছিলো প্রচুর ঝুপড়ি ঘর। ভবনটি তার উপরই ভেঙে পড়ে। 

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ভবন ধসের ঘটনায় ধ্বংসস্তূপের নিচে ২১ জনের মতো চাপা পড়ে। এর মধ্যে ২ জনের মরদেহ ছাড়াও ১২ থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারদের মধ্যে ৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেকেরই আঘাত গুরুতর। বাকিরা এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে। তাদের খোঁজে চালানো হচ্ছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। নিহতের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ বলে জানা গেছে। তবে নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটির চার তলা তৈরির পরই কাজ বন্ধ করার অনুরোধ করেছিলেন বহুতলের আশপাশের ঝুপড়ির বাসিন্দারা। কিন্তু সেই অনুরোধে কর্ণপাত না করার অভিযোগ করেছেন স্থানীয়রা। রবিবারই ওই বহুতলের পাঁচতলার ঢালাইয়ের কাজ হয়। তার পরই রাতে তা ধসে পড়ে। সূত্র: আনন্দবাজার
 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত