• NEWS PORTAL

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

স্যাটেলাইট ছবিতে চাঞ্চল্যকর তৎপরতা! বিধ্বস্ত গোপন পরমাণু স্থাপনা পুনর্নির্মাণ করছে ইরান?

প্রকাশিত: ১৭:০০, ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৭:০২, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
স্যাটেলাইট ছবিতে চাঞ্চল্যকর তৎপরতা! বিধ্বস্ত গোপন পরমাণু স্থাপনা পুনর্নির্মাণ করছে ইরান?

ইসরায়েলি হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ইরানের একটি গোপন সামরিক স্থাপনা আবারও দ্রুতগতিতে পুনর্নির্মাণ করা হচ্ছে। নতুন স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, স্থাপনাটিতে ব্যাপক নির্মাণকাজ চলছে এবং সম্ভাব্য ভবিষ্যৎ হামলা ঠেকাতে এর সুরক্ষাব্যবস্থা আগের চেয়ে আরও শক্তিশালী করা হচ্ছে। রাজধানী তেহরানের পার্শ্ববর্তী পারচিন সামরিক কমপ্লেক্সের ভেতরে থাকা এই স্থাপনাটি ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বলে দীর্ঘদিন ধরে সন্দেহ করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। 

টেলিগ্রাফ জানায়, ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির বিশ্লেষণে তেহরান থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত পারচিনের ‘তালেগান–টু’ স্থাপনাটি নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ১৩ সেপ্টেম্বরের স্যাটেলাইট ছবিতে দেখা যায়, ধ্বংসপ্রাপ্ত ভূগর্ভস্থ স্থাপনাটির ওপর বড় একটি ত্রিপল টাঙানো হয়েছে। বিশ্লেষণ অনুসারে, এখানে এখন বুলডোজার, ক্রেন, ডাম্প ট্রাক, কংক্রিট মিক্সার ও কংক্রিট পাম্পসহ ভারী নির্মাণযন্ত্রের উপস্থিতি দেখা যাচ্ছে। ত্রিপলটি নির্মাণকাজকে স্যাটেলাইট ও আকাশপথের নজরদারি থেকে আড়াল করার চেষ্টা হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

প্রতিবেদনে জানানো হয়েছে, মূলত চলতি বছরের জুনে স্থাপনাটি পুনর্নির্মাণের কাজ শুরু হয়। মার্চে ইসরায়েলের বাংকার-বিধ্বংসী বোমার আঘাতে এই ভূগর্ভস্থ স্থাপনার ছাদে তিনটি বড় গর্ত তৈরি হয়েছিল। পরে ইরান সেগুলো অস্থায়ীভাবে ঢেকে দিয়ে ধাপে ধাপে শক্তিশালী কংক্রিটের আবরণ বসানোর কাজ শুরু করে। সর্বশেষ ছবিতে স্থাপনার পাশে নতুন কংক্রিটের কাঠামোও দেখা গেছে, যা বিমান হামলার বিস্ফোরণ থেকে ভবনটিকে বাড়তি সুরক্ষা দিতে তৈরি করা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তালেগান–টু নিয়ে উদ্বেগের মূল কারণ এর অতীত ইতিহাস। স্থাপনাটি ইরানের গোপন ‘আমাদ’ কর্মসূচির সঙ্গে যুক্ত বলে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে মনে করে আসছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ও মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, ২০০৩ সালে আমাদ কর্মসূচি বন্ধ করা হয়। তবে তালেগান–টু নামের এই স্থাপনায় অতীতে পারমাণবিক অস্ত্রের নকশা ও বিস্ফোরণ-সংক্রান্ত গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষা হয়ে থাকতে পারে বলে সন্দেহ রয়েছে।

এর আগে ২০২৪ সালের অক্টোবরেও স্থাপনাটিতে আঘাত হানে ইসরায়েল। এরপর ২০২৫ সালের মে মাসে ইরান সেটি নতুন করে নির্মাণ শুরু করে। ২০২৬ সালের শুরুতে সেই নতুন স্থাপনাটিকে কংক্রিটের পুরু আবরণ ও মাটির স্তর দিয়ে আরও সুরক্ষিত করার কাজও শনাক্ত হয়েছিল। কিন্তু মার্চের হামলায় সেটিও ক্ষতিগ্রস্ত হয়।

এখন আবারও এটি পুনর্নির্মাণের ঘটনায় প্রশ্ন উঠেছে, তালেঘান–টুতে ইরান আসলে কী করতে চায়? স্যাটেলাইট ছবি থেকে নির্মাণকাজের গতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ধারণা পাওয়া গেলেও স্থাপনাটির ভেতরে ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম চালানো হবে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির মতে, স্থাপনাটি কেন বারবার পুনর্নির্মাণ করা হচ্ছে, সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়, তবে এটি গভীরভাবে সন্দেহজনক। 

বিভি/এইচজে

মন্তব্য করুন: