• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

৮ দিনে শত শত পোস্টার-লিফলেট বিতরণ; অতঃপর উদ্ধার ১৩ বছরের লিলিয়া

প্রকাশিত: ১২:৫৯, ২০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৩:০১, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৮ দিনে শত শত পোস্টার-লিফলেট বিতরণ; অতঃপর উদ্ধার ১৩ বছরের লিলিয়া

ছবি: মিরর

আট দিন ধরে নিখোঁজ থাকার পর ১৩ বছর বয়সী লিলিয়া লয়েড ওয়ালটনের সন্ধান পেয়েছে পুলিশ। শনিবার রাতে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) জানিয়েছে, ম্যানচেস্টার শহরের কেন্দ্র থেকে তাকে নিরাপদ ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

লিলিয়ার পরিবার গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) তাকে নিখোঁজ হিসেবে জানায়। গ্রেটার ম্যানচেস্টারের বোল্টনে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

শনিবার রাতে এক বিবৃতিতে জিএমপি জানায়, লিলিয়ার সন্ধানে সহযোগিতা করা সবাইকে ধন্যবাদ। তাকে শহরের কেন্দ্র থেকে নিরাপদ ও সুস্থ অবস্থায় পাওয়া গেছে। বর্তমানে সে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে রয়েছে এবং তার নিকটাত্মীয়দের বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে আরও তথ্য জানানো হবে।

এর আগে শনিবার পুলিশ জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে ম্যানচেস্টার পিকাডিলি বাসস্টেশনের সিসিটিভিতে লিলিয়াকে দেখা যায়। ওই দিন সকালে এর আগে সালফোর্ড থেকে ৩৬ নম্বর বাসে তাকে উঠতেও দেখা হয়েছিল।

লিলিয়ার সন্ধানে পুলিশ শত শত নিখোঁজ ব্যক্তির পোস্টার ও লিফলেট বিতরণ করে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো এবং গণমাধ্যমের সহযোগিতা নেওয়া হয়। পুলিশের বিশেষায়িত সিসিটিভি ইউনিটও ঘণ্টার পর ঘণ্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে।

লিলিয়াকে উদ্ধারের আগে শনিবার গ্রেটার ম্যানচেস্টার পুলিশের বোল্টন জেলার চিফ সুপারিনটেনডেন্ট হেলেন ক্রিচলি জনসাধারণ ও গণমাধ্যমকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

তিনি লিলিয়ার মা জেসিকারও প্রশংসা করেন। পুলিশি অনুসন্ধান ও প্রচারে সহযোগিতার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ক্রিচলি বলেন, পুরো সময়ে তিনি অসাধারণ দৃঢ়তা দেখিয়েছেন। মেয়েকে নিরাপদে বাড়ি ফিরিয়ে দিতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: মিরর

বিভি/পিএইচ

মন্তব্য করুন: