মুম্বাইয়ে ভয়াবহ দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল বিএমডব্লিউ, নিহত ৩
ভারতের মুম্বাইয়ের কোস্টাল রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোরে দ্রুতগতির একটি বিএমডব্লিউ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙে নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটি মেরিন ড্রাইভ থেকে হাজি আলীর দিকে যাচ্ছিল। ভোর ৫টা ২০ মিনিটের দিকে লোটাস জেটির কাছে, লালা লাজপতরাই কলেজের বিপরীতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এতে গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় এবং ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা যায়। পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়।
গাড়িতে থাকা চারজনকেই নায়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন ২১ বছর বয়সী সানায় গুজর, ১৯ বছর বয়সী আদিত্য জাকাসনিয়া এবং ১৭ বছর বয়সী আরেক কিশোর। গাড়ির চালক ছিলেন সানায় গুজর।
চালকের পাশের আসনে থাকা ২০ বছর বয়সী আদিত্য ওসওয়াল দুর্ঘটনায় বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
চারজনই জুহুর এনএমআইএমএসের শিক্ষার্থী ছিলেন এবং পেইং গেস্ট হিসেবে থাকতেন। তারা গুজরাটের আহমেদাবাদ থেকে মুম্বাইয়ে এসেছিলেন। দুর্ঘটনার আগে তারা মেরিন ড্রাইভে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের স্বজনেরা মুম্বাইয়ের হাসপাতালে পৌঁছেছেন। তাদের বাবা-মা গুজরাট থেকে মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিভি/পিএইচ













মন্তব্য করুন: