• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পকে ইরানের ৭ শর্ত, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

প্রকাশিত: ১৩:১৫, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ট্রাম্পকে ইরানের ৭ শর্ত, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে আলোচনায় ফিরতে সাতটি শর্ত দিয়েছে ইরান। কাতারের মাধ্যমে এসব শর্ত ওয়াশিংটনে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শর্তগুলো প্রত্যাখ্যান করলে ‘নির্ণায়ক যুদ্ধের’ জন্য প্রস্তুত রয়েছে তেহরান।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেন, কাতার ইরানের শর্তগুলো যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে। এখন ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান। ইরান সাতটি শর্তের সবগুলো প্রকাশ্যে জানায়নি। তবে রেজাই তিনটি দাবি স্পষ্ট করেছেন। এগুলো হলো—সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ইরানের জব্দ করা অর্থ ছাড় এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার। রেজাই বলেন, এসব শর্ত মেনে নেওয়া যুক্তরাষ্ট্রের স্বার্থেই হবে। ট্রাম্পের হুমকি কোনো ফল দেবে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ইরান ‘নির্ণায়ক যুদ্ধের’ জন্য প্রস্তুত বলেও সতর্ক করেন।

ইরানের সামরিক মূল্যায়ন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কা রয়েছে বলে জানান রেজাই। তবে একই সময়ে যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান। তিনি বলেন, আগের দফার সংঘাতের পর ইরান তার সামরিক পরিকল্পনায় পরিবর্তন এনেছে। এখন পারস্য উপসাগর, ওমান উপসাগর ও আরব সাগরে থাকা মার্কিন নৌসম্পদের দিকে নজর দেওয়া হচ্ছে।

রেজাই আরও দাবি করেন, ইরান সম্প্রতি একটি মার্কিন নৌযান বা বিমানবাহী রণতরীর কাছে একাধিক ওয়ারহেড বহনে সক্ষম একটি অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এই দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা হয়নি। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, বাণিজ্যিক স্বার্থ ও কোম্পানিগুলোকে লক্ষ্য করে জবাব দিতে পারে। তবে একই সঙ্গে রেজাই বলেন, তেহরান দ্রুত যুদ্ধের অবসান চায়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা না হলেও কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যোগাযোগ অব্যাহত রয়েছে। দুই দেশের মধ্যে আলোচনার পথ ফের চালুর চেষ্টা করছে মধ্যস্থতাকারী দেশগুলো। এর আগে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়েও ইরান একাধিক শর্তের কথা জানিয়েছিল। কাতার, ওমান ও পাকিস্তান এ বিষয়ে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে আসছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কথা বলেছেন রেজাই। তিনি জানান, ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। তার ভাষ্য, ইরানের পারমাণবিক নীতিতে পরিবর্তন আসেনি এবং পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার ধর্মীয় নির্দেশনা এখনও মেনে চলছে তেহরান। তবে যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ ভবিষ্যতে ইরানের অবস্থান পরিবর্তনের কারণ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বিভি/পিএইচ

মন্তব্য করুন: