• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দুজুয়ান’, আঘাত হানবে যে দেশে

প্রকাশিত: ১৯:৫৮, ২১ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দুজুয়ান’, আঘাত হানবে যে দেশে

জাপানের পূর্ব উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘দুজুয়ান’। এর প্রভাবে রাজধানী টোকিওসহ আশপাশের এলাকায় শুরু হয়েছে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, পরিস্থিতির আরও অবনতি হলে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসের আশঙ্কা রয়েছে।

শনিবার থেকে ইজু দ্বীপপুঞ্জসহ উপকূলীয় এলাকাগুলোতে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। এতে টোকিও থেকে কিছুটা দূরে অবস্থিত ওশিমা শহরে জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার ভূমিধস সতর্কতা।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। আইচি প্রশাসনিক অঞ্চলে চলমান এশিয়ান গেমসের ঘোড়দৌড় প্রতিযোগিতা স্থগিত করে মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়েছে।

ঝড়ের কারণে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নিউইয়র্ক যাত্রার সূচিতেও প্রভাব পড়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তার নিউইয়র্ক যাওয়ার কথা থাকলেও ঝড়ের কারণে তার ফ্লাইট চার ঘণ্টা বিলম্বিত হয়েছে।

আবহাওয়াবিদদের আশঙ্কা, ঝড়ের মেঘ কোনো একটি এলাকায় দীর্ঘ সময় আটকে গেলে সেখানে টানা ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার এই পরিস্থিতিকে ‘লিনিয়ার রেইন ব্যান্ড’ বলা হয়। এতে অল্প সময়ের মধ্যেই কোনো এলাকায় বিপুল পরিমাণ বৃষ্টিপাত হয়ে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, চলতি বছর বিশ্বের বিভিন্ন অঞ্চলে তীব্র খরা, ভারী বৃষ্টি ও বন্যার ঘটনা বাড়তে দেখা যাচ্ছে। জাপানে ‘দুজুয়ান’-এর প্রভাবে সৃষ্ট দুর্যোগও সেই ধারাবাহিকতারই আরেকটি উদাহরণ হয়ে উঠতে পারে।

সূত্র: রয়টার্স

বিভি/টিটি

মন্তব্য করুন: