• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ইরানের সব এয়ারলাইনস অচল করতে কঠোর পদক্ষেপ যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ২৩:২১, ২১ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইরানের সব এয়ারলাইনস অচল করতে কঠোর পদক্ষেপ যুক্তরাষ্ট্রের

ইরানের সব এয়ারলাইনসকে আন্তর্জাতিকভাবে কার্যত অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে ইরানি এয়ারলাইনসকে সেবা দেওয়া বিদেশি বিমানবন্দর ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

সোমবার (২১ সেপ্টেম্বর) সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ২৩ সেপ্টেম্বর থেকে বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইনসের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। কোনো বিদেশি বিমানবন্দর বা প্রতিষ্ঠান ইরানি বিমানকে জ্বালানি, অবতরণ-সংক্রান্ত সেবা কিংবা টিকিট বিক্রির মতো সুবিধা দিলে তাদের মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়তে হতে পারে। এর ফলে তারা মার্কিন ডলারভিত্তিক আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের লক্ষ্য ইরানের বিমান চলাচল খাতের আন্তর্জাতিক কার্যক্রম সীমিত করা। এর আগে চলতি মাসেই ওয়াশিংটন ইরানের বাকি থাকা এয়ারলাইনসগুলোর পাশাপাশি দেশটির বিমান চলাচল খাতে সহায়তাকারী বিদেশি প্রতিষ্ঠানগুলোর ওপরও নতুন নিষেধাজ্ঞা আরোপ করে।

দীর্ঘদিন ধরেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইরানের বিমান চলাচল খাত। এসব নিষেধাজ্ঞার কারণে নতুন উড়োজাহাজ কেনা, যন্ত্রাংশ সংগ্রহ ও রক্ষণাবেক্ষণসেবা পাওয়ার ক্ষেত্রে দেশটির এয়ারলাইনসগুলো নানা সীমাবদ্ধতার মুখে রয়েছে। নতুন পদক্ষেপের ফলে আন্তর্জাতিক রুটে তাদের কার্যক্রম আরও কঠিন হয়ে পড়তে পারে।

ইরানকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার বৃহত্তর মার্কিন নিষেধাজ্ঞা নীতির অংশ হিসেবেই বিমান চলাচল খাতকে লক্ষ্য করা হচ্ছে। জ্বালানি, নৌপরিবহন, প্রযুক্তি, সোনা ও আর্থিক লেনদেনসহ বিভিন্ন খাতে ইরানের সঙ্গে ব্যবসা করা বিদেশি প্রতিষ্ঠানগুলোকেও মার্কিন ‘সেকেন্ডারি স্যাংশন’-এর ঝুঁকিতে রাখা হয়েছে।

এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চীনের উপ-প্রধানমন্ত্রী হি লিফেংয়ের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের আগে এ আলোচনা হয়। ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার ও কূটনৈতিক সমর্থক চীনের সঙ্গে ইরানবিষয়ক নিষেধাজ্ঞা বাস্তবায়ন নিয়ে ওয়াশিংটনের আলোচনা চলছে বলে জানিয়েছেন বেসেন্ট।

বিভি/টিটি

মন্তব্য করুন: