নাগাল্যান্ডে ভেজাল মদপানে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে সন্দেহজনক ভেজাল মদপানে গত দুই দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিষিদ্ধ মদের উৎস ও সরবরাহ চক্র শনাক্ত করতে বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করেছে পুলিশ। পাশাপাশি অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রায় ৩ হাজার বোতল মদ জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সন্দেহজনক অবৈধ মদ পান করার পর মোকোকচুং জেলায় আটজন এবং তুয়েনসাং জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে। গত দুই দিনে পৃথক এসব মৃত্যুর ঘটনা ঘটে।
নাগাল্যান্ড পুলিশের জ্যেষ্ঠ পুলিশ সুপার ভেসুপ্রা কেজো শনিবার জানান, মৃত্যুর ঘটনাগুলো তদন্ত এবং সন্দেহজনক ভেজাল মদের উৎস ও সরবরাহ চক্র শনাক্ত করতে অতিরিক্ত পুলিশ সুপার আই বুংলাং চ্যাংয়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।
তিনি জানান, মৃত্যুর কারণ নিশ্চিত করতে মদের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য গুয়াহাটিতে পাঠানো হয়েছে। তদন্তে কিছু সূত্র পাওয়া গেছে বলেও জানান তিনি। তবে তদন্তের এ পর্যায়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে উল্লেখ করেন পুলিশ কর্মকর্তা।
মৃত্যুর ঘটনাগুলোর পর সন্দেহজনক ভেজাল মদের বিরুদ্ধে একাধিক অভিযান চালায় পুলিশ। এসব অভিযানে ১৯ জনকে গ্রেপ্তারের পাশাপাশি প্রায় ৩ হাজার বোতল মদ জব্দ করা হয়।
উল্লেখ্য, নাগাল্যান্ডে ১৯৯০ সাল থেকে মদ নিষিদ্ধকরণ আইন কার্যকর রয়েছে। রাজ্যটিতে মদ বিক্রি ও সেবনের ওপর নিষেধাজ্ঞা থাকলেও অবৈধভাবে মদ সরবরাহের ঘটনা মাঝে মাঝে সামনে আসে।
এদিকে পুলিশ সাধারণ মানুষকে অচেনা, লেবেলবিহীন বা সন্দেহজনক অবৈধ মদ পান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। মদ পান করার পর কারও মাথা ঘোরা, ঝাপসা দেখা, শ্বাসকষ্ট কিংবা অচেতন হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: এনডিটিভি
বিভি/পিএইচ













মন্তব্য করুন: