এআই ভয়েস দিয়ে কণ্ঠ নকল, ইতালির শীর্ষ ব্যাংক থেকে বিপুল অর্থ চুরি!
ছবি: রয়টার্স
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় ও কণ্ঠস্বর নকল করে ইতালির সবচেয়ে বড় ঋণদাতা প্রতিষ্ঠান ইনতেসা সানপাওলোর প্রাইভেট ব্যাংকিং শাখা ফিদেউরাম থেকে ৯ কোটি ৫০ লাখ ইউরো হাতিয়ে নিয়েছে প্রতারকরা। চুরি হওয়া অর্থের অর্ধেকের বেশি উদ্ধার করা সম্ভব হলেও এখনো প্রায় ৩ কোটি ৬০ লাখ ইউরো নিখোঁজ রয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। ইতালির সংবাদমাধ্যম কোরিয়েরে দেলা সেরা প্রথম এ প্রতারণার ঘটনা প্রকাশ করে।
সূত্রের বরাতে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতারণার ঘটনাটি শুরু হয়। সে সময় ফিদেউরামের চেয়ারম্যান ছিলেন পাওলো মোলেসিনি। তিনি হোয়াটসঅ্যাপে একটি বার্তা পান, যা দেখে তার মনে হয় সেটি ইনতেসা সানপাওলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কার্লো মেসিনার পাঠানো। বার্তায় বিদেশে একটি জরুরি লেনদেন সম্পন্ন করতে সহায়তা চাওয়া হয়।
এর কিছুক্ষণ পর একটি ফোনকল আসে। কলটি একটি শীর্ষস্থানীয় আইন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ অংশীদারের কাছ থেকে এসেছে বলে মনে হচ্ছিল। ফোনে তিনি হোয়াটসঅ্যাপে পাওয়া নির্দেশনাটিও নিশ্চিত করেন। সূত্রের দাবি, প্রতারকরা এআই প্রযুক্তি ব্যবহার করে ওই আইনজীবীর কণ্ঠস্বর হুবহু নকল করেছিল।
অনুরোধটি সত্যি বলে বিশ্বাস করে মোলেসিনি ফিদেউরামের অর্থ বিভাগকে বিদেশের বিভিন্ন ব্যাংক হিসাবে কয়েক দফায় অর্থ স্থানান্তরের নির্দেশ দেন। এসব অর্থের বড় একটি অংশ চীন ও হংকংয়ের বিভিন্ন হিসাবে পাঠানো হয়।
তবে লেনদেনের কিছুক্ষণ পরই অস্বাভাবিকতা শনাক্ত করে ফিদেউরাম। এরপর প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশের ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে বিষয়টি জানায়। সূত্রগুলোর তথ্য অনুযায়ী, চীন, পর্তুগাল ও ইতালির কর্তৃপক্ষের সহযোগিতায় পরে প্রায় ৫ কোটি ৩০ লাখ ইউরো উদ্ধার করা সম্ভব হয়।
তবে বাকি অর্থ বিদেশের বিভিন্ন ব্যাংক হিসাবের একটি জটিল নেটওয়ার্কের মাধ্যমে স্থানান্তরের পর ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। ফলে ওই অর্থের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় মোলেসিনি কিংবা ফিদেউরামের অন্য কোনো কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে না বলে সূত্রগুলো জানিয়েছে। তবে মিলানের প্রসিকিউটররা ইউরোপের বাইরে বসবাসকারী এক বিদেশি নাগরিকের বিরুদ্ধে কম্পিউটার জালিয়াতির অভিযোগে তদন্ত শুরু করেছেন বলে একটি সূত্র জানিয়েছে।
এরই মধ্যে মার্চে ব্যক্তিগত কারণ দেখিয়ে ফিদেউরামের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মোলেসিনি। সে সময় তার পদত্যাগের বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আর কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
ইতালিতে এআই ব্যবহার করে প্রতারণার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। গত বছর দেশটির এক মন্ত্রীর কণ্ঠস্বর নকল করে প্রতারকরা ব্যবসায়ী মাসিমো মোরাত্তিকে বিদেশের একটি ব্যাংক হিসাবে প্রায় ১০ লাখ ইউরো পাঠাতে রাজি করেছিল। পরে ওই অর্থ উদ্ধার করা সম্ভব হয়।
ইনতেসা সানপাওলো ও ফিদেউরাম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সূত্র: রয়টার্স
বিভি/পিএইচ













মন্তব্য করুন: