পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলায় নিহত ১১
ছবি: ইন্টারনেট
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ চেকপোস্টে বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। নিহত ও আহতদের মধ্যে পুলিশ সদস্যের পাশাপাশি বেসামরিক লোকজনও রয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটের দিকে ডেরা ইসমাইল খান জেলায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ও উদ্ধারকারী সংস্থার সূত্র এ তথ্য জানিয়েছে।
চীনা বার্তা সংস্থা সিনহুয়াকে পুলিশ সূত্র জানায়, স্থানীয় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে একটি শান্তি সমাবেশ চলছিল। ওই সমাবেশের কাছেই ছিল পুলিশ চেকপোস্টটি। হামলাকারীরা মূলত চেকপোস্টটিকে লক্ষ্য করে হামলা চালায়।
হামলায় পুলিশ সদস্য ও বেসামরিক লোকজন উভয়েই হতাহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়।
রাষ্ট্রীয় উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল ফাইজী সিনহুয়াকে বলেন, উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করেছেন। আহতদের দ্রুত কাছের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি জানান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ছয়টি অ্যাম্বুলেন্স, একটি ফায়ার সার্ভিসের গাড়ি এবং ২৫ জনের বেশি উদ্ধারকর্মী অংশ নেন।
বিস্ফোরণটি কীভাবে ঘটেছে এবং এর প্রকৃত কারণ কী তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার সঙ্গে কারা জড়িত এবং বিস্ফোরণের ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এর আগেও পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বিভিন্ন হামলার ঘটনা ঘটেছে। তবে শনিবারের ঘটনার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: সিনহুয়া
বিভি/পিএইচ













মন্তব্য করুন: