• NEWS PORTAL

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পোপ লিওর ফ্রান্স সফরে ধর্মীয় আবহ, প্যারিস-লুর্দে মানুষের ঢল

ইয়াছির আরাফাত, প্যারিস, ফ্রান্স

প্রকাশিত: ২২:৫২, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২২:৫২, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পোপ লিওর ফ্রান্স সফরে ধর্মীয় আবহ, প্যারিস-লুর্দে মানুষের ঢল

ছবি: আলজাজিরা

প্যারিসের রাজপথ থেকে লুর্দের প্রার্থনাস্থল- সর্বত্র এখন পোপ লিও চতুর্দশকে ঘিরে মানুষের উচ্ছ্বাস। ঐতিহাসিক ফ্রান্স সফরে এসে একের পর এক ধর্মীয়, সামাজিক ও আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন ক্যাথলিক বিশ্বের এই ধর্মগুরু। তাকে স্বাগত জানাতে প্যারিস ও লুর্দে জড়ো হয়েছেন বিপুলসংখ্যক মানুষ।

২৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনের সফরে প্যারিস, সেইন্ট-ডেনিস, লুর্দ ও মেতজে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে পোপ লিওর। ধর্মীয় আয়োজনের পাশাপাশি ফরাসি রাজনৈতিক নেতৃত্ব, তরুণ সমাজ, অভিবাসী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হচ্ছে।

প্যারিসে পৌঁছানোর পর ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এলিজে প্রাসাদে সাক্ষাৎ করেন পোপ লিও। পরে ফরাসি কর্তৃপক্ষ, নাগরিক সমাজ ও কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

ইউনেস্কোর সদর দপ্তরে গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তির বিকাশ এবং মানবিক মূল্যবোধের সম্পর্ক নিয়ে বক্তব্য দেন পোপ। পরে নটর-দাম ক্যাথেড্রালে বিশপ, পুরোহিত, ডিকন, ধর্মীয় ব্যক্তিত্ব ও সেমিনারিয়ানদের সঙ্গে ভেসপার্স প্রার্থনায় অংশ নেন।

দিনের শেষ দিকে সেইন্ট-ডেনিসের জাতীয় স্টেডিয়ামে তরুণদের নিয়ে অনুষ্ঠিত প্রার্থনা সমাবেশেও অংশ নেন তিনি। সেখানে বিপুলসংখ্যক তরুণের উপস্থিতিতে তৈরি হয় বিশেষ ধর্মীয় আবহ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পোপ লিওর কর্মসূচিকে ঘিরে প্যারিসের বিভিন্ন এলাকায় সকাল থেকেই মানুষের উপস্থিতি বাড়তে থাকে। শঁ-এলিজে ও আশপাশের এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। পোপকে কাছ থেকে দেখা এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে ফ্রান্সের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ প্যারিসে আসেন।

সকালে মেজোঁ বাখিতা নামের সামাজিক সহায়তা ও অভিবাসী একীকরণ কেন্দ্রে যান পোপ লিও। পরে ক্যাথলিক ইনস্টিটিউট অব প্যারিসে স্থানীয় ধর্মীয় সম্প্রদায়, ক্যাটেকুমেন ও নতুন বাপ্তাইজিতদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

শনিবারের অন্যতম প্রধান আয়োজন ছিল প্লাস দ্য লা কনকোর্দে পবিত্র গণপ্রার্থনা। বিকেলে অনুষ্ঠিত এই আয়োজনে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পোপের আগমনকে ঘিরে পুরো এলাকায় তৈরি হয় উৎসবের আবহ।

শনিবার বিকেলে প্যারিসের কর্মসূচি শেষ করে লুর্দের উদ্দেশে রওনা হওয়ার কথা পোপ লিওর। সেখানে পৌঁছে ম্যাসাবিয়েলের গ্রোটোতে প্রার্থনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

লুর্দ ক্যাথলিক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত। পোপের সফরকে কেন্দ্র করে সেখানেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) লুর্দে পোপ লিওর কর্মসূচি আরও বিস্তৃত হবে। সকালে ফরাসি বিশপ সম্মেলনের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

এরপর সকাল ১১টায় লুর্দের প্রেইরিতে অনুষ্ঠিত হবে পবিত্র গণপ্রার্থনা। এতে বিপুলসংখ্যক মানুষের অংশ নেওয়ার কথা রয়েছে। পরে অসুস্থ ব্যক্তি ও তাদের সেবায় নিয়োজিত কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন পোপ। কারমেলাইট মঠে ধর্মীয় নারীদের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। রাতে রোজারি প্রার্থনা ও মশাল মিছিলের মধ্য দিয়ে লুর্দের কর্মসূচি শেষ হবে।

চার দিনের সফরের শেষ পর্যায়ে সোমবার মেতজে যাবেন পোপ লিও। সেখানে ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এই সফরের আলোচনায় ধর্মীয় বিষয়গুলোর পাশাপাশি শান্তি, ইউরোপের ঐক্য, মানবিক মর্যাদা, সামাজিক সংহতি এবং প্রযুক্তির যুগে মানবিক মূল্যবোধের বিষয়গুলোও গুরুত্ব পাচ্ছে।

পোপ লিওর সফরকে কেন্দ্র করে প্যারিস ও লুর্দে ব্যাপক জনসমাগমের পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। রাষ্ট্রীয় বৈঠক, ধর্মীয় অনুষ্ঠান এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মধ্য দিয়ে তার এই সফর ফ্রান্সে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক ঘটনা হিসেবে সামনে এসেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত