• NEWS PORTAL

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গে শক্তি বাড়াচ্ছে আরএসএস!

প্রকাশিত: ১৯:৪৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পশ্চিমবঙ্গে শক্তি বাড়াচ্ছে আরএসএস!

ছবি: আরএসএস প্রধান মোহন ভাগবত

পশ্চিমবঙ্গে সাংগঠনিক বিস্তার আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। রাজ্যে বর্তমানে থাকা প্রায় ৫ হাজার শাখার সংখ্যা আগামী ১০ অক্টোবর মহালয়ার মধ্যে দ্বিগুণ করে ১০ হাজারে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সংগঠনটি। এ লক্ষ্য পূরণে ১ থেকে ১০ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে বিশেষ জনসংযোগ ও সাংগঠনিক কর্মসূচি চালানোর কথা জানিয়েছে আরএসএস।

আরএসএসের পশ্চিমবঙ্গের প্রচারপ্রমুখ বিপ্লব রায় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, চলতি বছরের মে মাস পর্যন্ত রাজ্যে প্রায় ৫ হাজার শাখা ছিলো। এরই মধ্যে আরও অনেক মানুষ সংগঠনে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। নতুন কর্মসূচির মাধ্যমে বিশেষ করে তরুণদের সংগঠনের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর পাশাপাশি পশ্চিমবঙ্গে আরএসএসের সাংগঠনিক কাঠামোতেও পরিবর্তন আনার পরিকল্পনা হয়েছে। বর্তমানে রাজ্যটি তিনটি ‘প্রান্তে’ বিভক্ত। নতুন ব্যবস্থায় তা ভেঙে উত্তরবঙ্গ, নবদ্বীপ, বর্ধমান, মেদিনীপুর ও কলকাতা—এই পাঁচটি ‘সম্ভাগে’ সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।

সংগঠনটির সর্বভারতীয় কাঠামোতেও পুনর্বিন্যাসের পরিকল্পনার কথা বিভিন্ন প্রতিবেদনে এসেছে। বর্তমানে ৪৪টি ‘প্রান্ত’ রয়েছে; এগুলোকে ভবিষ্যতে প্রায় ১১০টি ‘সম্ভাগে’ ভাগ করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে আগামী ৮ অক্টোবর পশ্চিমবঙ্গে যাওয়ার কথা রয়েছে আরএসএস প্রধান মোহন ভাগবতের। তার বর্ধমান সফরে সাংগঠনিক পুনর্বিন্যাস, সংগঠন সম্প্রসারণ ও সাংগঠনিক নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে বলে স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে। সূত্র: পিটিআই

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত