পাকিস্তান সীমান্ত দিয়ে ‘অনুপ্রবেশ’ করা ২৮ জনকে হত্যার দাবি আফগান তালেবানের
ছবি: মানি কন্ট্রোল
পাকিস্তান সীমান্ত পেরিয়ে আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে ঢোকা একটি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৮ জনকে হত্যার দাবি করেছে তালেবান সরকার। এ ঘটনায় আরও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে হতাহতের এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
রবিবার (২৭ সেপ্টেম্বর) আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার পাকিস্তান সীমান্তবর্তী নুরিস্তানের কামদেশ এলাকায় একটি সশস্ত্র গোষ্ঠী হামলার উদ্দেশ্যে প্রবেশ করে। তাদের মধ্যে ইসলামিক স্টেটের (আইএস) সদস্য এবং ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার আগে আফগান সরকারের অধীনে কাজ করা সাবেক নিরাপত্তাকর্মীরা ছিলেন বলে দাবি করেছে কাবুল।
আফগান মন্ত্রণালয়ের অভিযোগ, পাকিস্তানি মিলিশিয়া ও নিরাপত্তাকর্মীরা ওই গোষ্ঠীকে সহযোগিতা করেছিল। সংঘর্ষ শুরু হলে তারা পিছু হটে এবং বেঁচে যাওয়া সদস্যরা পাকিস্তানের দিকে ফিরে যায়। আফগানিস্তান আরও দাবি করেছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা সাবেক আফগান নিরাপত্তাকর্মীদের প্রশিক্ষণ দিয়ে নুরিস্তানে পাঠিয়েছে।
তবে এসব অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানি সামরিক বা গোয়েন্দা সংস্থা নুরিস্তানের সংঘর্ষে জড়িত নয় এবং সাবেক আফগান নিরাপত্তাকর্মীদের প্রশিক্ষণ বা আইএসসহ কোনো গোষ্ঠীকে আফগানিস্তানে পাঠানোর অভিযোগও ভিত্তিহীন। পাকিস্তানের দাবি, আফগানিস্তান এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেয়নি।
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন গত ২১ সেপ্টেম্বর আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। পাকিস্তান ওই হামলায় ২৮ জঙ্গি নিহতের দাবি করলেও জাতিসংঘ তিন বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। সূত্র: রয়টার্স
বিভি/এমআর













মন্তব্য করুন: