মন্ট্রিয়লে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
ছবি: বিবিসি
কানাডার কুইবেক প্রদেশের মন্ট্রিয়লের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার পর মন্ট্রিয়ল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের স্যাঁত-ব্রিজিদ-দিবেরভিল শহরে এ দুর্ঘটনা ঘটে।
কুইবেকের প্রাদেশিক পুলিশ বিবিসিকে জানিয়েছে, দুর্ঘটনার পর জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টারটিতে আগুন জ্বলতে দেখে। পরে সেখানে থাকা চার আরোহীকে মৃত ঘোষণা করা হয়। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। পুলিশ সার্জেন্ট অদ্রি-আন বিলোদো জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ব্যক্তিমালিকানাধীন বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, হাইওয়ে-১০-এর কাছাকাছি র্যাং দে জেকোসিয়াস সড়কের পাশে দুর্ঘটনাস্থলটি অবস্থিত। জরুরি নম্বরে ফোন করে একজন হেলিকপ্টারটি বিপদে পড়ার কথা পুলিশকে জানান। সেটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে থাকতে পারে বলেও জানানো হয়। খবর পাওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যে ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে স্থানীয় সময় রাত ১০টার কিছুক্ষণ আগেও উদ্ধার ও তদন্তকারী দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছিলেন।
দুর্ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে কুইবেকের প্রাদেশিক পুলিশ স্যুরেতে দ্যু কেবেকের মেজর ক্রাইম ইউনিট। তাদের সঙ্গে অপরাধস্থল বিশেষজ্ঞ এবং কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ডের তদন্তকারীরাও কাজ করছেন।
নিহতদের পরিচয় শনাক্ত করতে কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সার্জেন্ট অদ্রি-আন বিলোদো।
সূত্র: বিবিসি
বিভি/পিএইচ













মন্তব্য করুন: