শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক-নিউজার্সি: জরুরি অবস্থা জারি, নিহত ১
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের কবলে পড়েছেন কোটি কোটি মানুষ। সপ্তাহান্তে আঘাত হানা ‘নরইস্টার’ নামের এই ঝড়ে উপকূলীয় এলাকায় বন্যা, বিদ্যুৎ বিভ্রাট ও যান চলাচলে ব্যাপক বিঘ্ন দেখা দিয়েছে। আবহাওয়ার কারণে বাতিল হয়েছে বেশ কয়েকটি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানও।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, শনিবার নিউইয়র্ক সিটি ও বোস্টনসহ বিভিন্ন এলাকায় এই ঝড়ের প্রভাবে ‘বিপজ্জনক উপকূলীয় বন্যা ও সমুদ্রসৈকতে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি, শক্তিশালী বাতাস এবং ভারী বৃষ্টিপাত’ হয়েছে।
নিউইয়র্ক ও নিউজার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দুই অঙ্গরাজ্যের বেশ কিছু উপকূলীয় এলাকায় পানি ঢুকে পড়েছে। ভার্জিনিয়া থেকে মেইন পর্যন্ত বিস্তৃত এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে।
নিউইয়র্ক সিটির ব্রুকলিনে ঝড়ের মধ্যে গাছ পড়ে ৫৬ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম লেইটন ব্রাউন। তিনি নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির (এনওয়াইসিএইচএ) কর্মী ছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অতিরিক্ত দায়িত্ব পালন করতে পূর্ব ব্রুকলিনের একটি এলাকায় হেঁটে যাওয়ার সময় গাছটি তার ওপর পড়ে।
নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেটের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় লেইটন ব্রাউনের মৃত্যুতে শোক প্রকাশ করে। সেখানে তাকে ব্রুকলিনের বাসিন্দাদের নিষ্ঠার সঙ্গে সেবা করা এবং উষ্ণ ব্যক্তিত্বের অধিকারী একজন কর্মী হিসেবে উল্লেখ করা হয়।
ঝড়ের কারণে উত্তর-পূর্বাঞ্চলজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের তথ্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান পাওয়ারআউটেজের হিসাবে, শনিবার ১ লাখ ৬০ হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। এর প্রায় সবই উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায়।
ঝড়ের প্রভাবে বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে। ফ্লাইটঅ্যাওয়ার তথ্য অনুযায়ী, শনিবার ২ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং ১ হাজার ১৯৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
পূর্ণিমার কারণে উপকূলীয় এলাকায় বন্যার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার নিউজার্সির উপকূলীয় সার্ফ সিটি ও মানাসকোয়ান এলাকায় রাস্তাঘাট ও বাড়িঘরে বন্যার পানি ঢুকে পড়ে।
এনডব্লিউএস সতর্কবার্তায় নিচু উপকূলীয় এলাকায় দ্রুত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এসব এলাকায় রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়া এবং বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢোকার আশঙ্কা রয়েছে।
নিউইয়র্কে সপ্তাহজুড়ে ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ মাইল (প্রায় ৮৬ কিলোমিটার) বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। এতে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার আশঙ্কা রয়েছে।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক ভিডিও বার্তায় বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি চালানো বা হেঁটে চলাচল না করারও পরামর্শ দিয়েছেন।
ঝড়ের কারণে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও প্রভাব পড়েছে। বোস্টন এলাকায় শিকাগো কাবসের বিপক্ষে বোস্টন রেড সক্সের সিরিজের শেষ ম্যাচটি শনিবারের পরিবর্তে রোববার বিকেলে ফ্লোরিডায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া রেড বুল নিউইয়র্ক ও সেন্ট লুইস সিটি এসসির মধ্যকার পেশাদার ফুটবল ম্যাচও বাতিল করা হয়েছে।
নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল’ও বাতিল করা হয়েছে। এতে লরিন হিল, ওয়াইক্লেফ জিন ও জন লেজেন্ডের পরিবেশনের কথা ছিল।
আবহাওয়ার কারণে বোস্টনে এড শিরানের কনসার্টও বাতিল করা হয়েছে। বোস্টন এলাকার জিলেট স্টেডিয়ামে আয়োজনের কথা থাকা কনসার্টটি নিরাপত্তাজনিত কারণে বাতিল করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক ভেন্যু কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি
বিভি/পিএইচ













মন্তব্য করুন: