• NEWS PORTAL

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক জোড়া লাগাতে যুক্তরাষ্ট্রে দুই ‘কূটনৈতিক পান্ডা’ পাঠাল চীন

প্রকাশিত: ১৪:১২, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সম্পর্ক জোড়া লাগাতে যুক্তরাষ্ট্রে দুই ‘কূটনৈতিক পান্ডা’ পাঠাল চীন

চীনের ‘পান্ডা কূটনীতি’র দীর্ঘ ঐতিহ্যের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানায় পৌঁছেছে দুটি জায়ান্ট পান্ডা। ২৭ সেপ্টেম্বর চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের চেংদু থেকে ফেডএক্সের একটি বিশেষ ফ্লাইটে প্রায় ১৬ ঘণ্টার যাত্রা শেষে তারা আটলান্টায় পৌঁছায়। পুরুষ পান্ডাটির নাম পিং পিং আর স্ত্রীটির নাম ফু শুয়াং। 

সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, আটলান্টা চিড়িয়াখানার নতুন জায়ান্ট পান্ডা কমপ্লেক্সের জীবাণু-নিরাপদ এলাকায় প্রায় এক মাস তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে। চীনের কয়েকজন পশুচিকিৎসক ও পান্ডা প্রজনন বিশেষজ্ঞও এ সময় আটলান্টায় অবস্থান করবেন। আপাতত দর্শনার্থীরা পান্ডা দুটিকে দেখতে পারবেন না। 

চীনের জন্য পান্ডা শুধু একটি প্রাণী নয়; এটি কূটনীতিরও প্রতীক। বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে বিলুপ্তপ্রায় 'জায়ান্ট পান্ডা' উপহার বা লিজ হিসেবে ব্যবহার করার চীনা সরকারি নীতি। আধুনিক চীনের জনক মাও সেতুং প্রথম রাজনৈতিক মিত্রদের পান্ডা উপহার দেওয়া শুরু করেন।

তবে সবচেয়ে বিখ্যাত ঘটনা ঘটে ১৯৭২ সালে, যখন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বেইজিং সফর করেন। সেই সফরের পর চীন আমেরিকাকে 'লিং-লিং' ও 'সিং-সিং' নামের দুটি পান্ডা উপহার দেয়, যা দুই দেশের মধ্যকার স্নায়ুযুদ্ধের বরফ গলাতে বড় ভূমিকা রেখেছিল। ১৯৮৪ সালে পান্ডা বিলুপ্তপ্রায় প্রাণী হিসেবে ঘোষিত হওয়ার পর চীন উপহার দেওয়া বন্ধ করে দেয়। এর বদলে শুরু হয় ১০ থেকে ১৫ বছরের "পান্ডা লিজ ব্যবস্থা"। শর্ত সাপেক্ষে নির্দিষ্ট ফি-এর বিনিময়ে বিদেশি চিড়িয়াখানায় পান্ডা পাঠানো শুরু হয়।

কোনো দেশের সঙ্গে চীনের সম্পর্ক কেমন যাচ্ছে, তার অন্যতম বড় নির্দেশক হলো পান্ডা। এর আগে অস্ট্রেলিয়াকে পান্ডা লিজ দেওয়ার পর পরই চীন বড় ধরনের ইউরেনিয়াম চুক্তি করে।   এছাড়া কানাডা ও ফ্রান্স চীনকে গুরুত্বপূর্ণ বাণিজ্য ও জ্বালানি সুবিধা দেওয়ার সময়ে পান্ডা উপহার পায়।

চীন কেবল তাদেরকেই পান্ডা লিজ দেয়, যাদের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ। সম্পর্কের অবনতি হলে চীন পান্ডা ফেরত নিয়ে নেয় বা চুক্তি নবায়ন করে না। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানায় থাকা চারটি পান্ডাকে চীনে ফেরত পাঠানো হয়েছিল। এর মধ্য দিয়ে চিড়িয়াখানাটির সঙ্গে চীনের ২৫ বছরের পান্ডা চুক্তির অবসান ঘটে। নতুন এই জোড়া পান্ডার আগমন তাই যুক্তরাষ্ট্রে পান্ডা উপস্থিতির ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 

সাধারণ মানুষের মাঝেও পান্ডা বেশ জনপ্রিয়। ফলে অন্য দেশে যখন পাঠানো হয়, তখন সেখানকার মানুষের মাঝেও চীনকে নিয়ে আগ্রহ জন্মে। মিষ্টি ও নিরীহ চেহারার পান্ডা সাধারণ মানুষের মনে চীনের প্রতি একধরনের ইতিবাচক আবেগ এবং সফট ইমেজ তৈরি করে। তাই প্রাণীটি শুধু সরকারি উপহার নয়, এটি চীনের প্রতি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণেরও একটি মাধ্যম। 

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত