• NEWS PORTAL

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

১০০ বছর বয়সে মারা গেলেন মাহাথির মোহাম্মদের স্ত্রী

প্রকাশিত: ১৪:৩৪, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
১০০ বছর বয়সে মারা গেলেন মাহাথির মোহাম্মদের স্ত্রী

ছবি: সিতি হাসমা (বায়ে)

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমা মোহাম্মদ আলী মারা গেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) মাহাথিরের কার্যালয় তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০০ বছর। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বারনামা জানিয়েছে, সিতি হাসমা মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে মারা যান। তার ছেলে মোকজানি মাহাথিরও মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

মালয়েশিয়ার সবচেয়ে দীর্ঘসময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি প্রথমবার ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। ওই সময়ে তার নেতৃত্বে মালয়েশিয়ায় দ্রুত শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়ন ঘটে। পরে ২০১৮ সালে ৯২ বছর বয়সে আবার প্রধানমন্ত্রী হয়ে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী সরকারপ্রধান হিসেবে রেকর্ড গড়েন। তবে রাজনৈতিক সংকটে ২০২০ সালে তাকে পদ ছাড়তে হয়।

মাহাথির ও সিতি হাসমার পরিচয় হয় ১৯৪০-এর দশকের শেষ দিকে সিঙ্গাপুরে মেডিক্যাল পড়ার সময়। গত আগস্টে তারা ৭০তম বিবাহবার্ষিকী উদ্‌যাপন করেন। তাদের সাত সন্তান রয়েছে।

সিতি হাসমা নিজেও মালয়েশিয়ায় পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। জনস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও নারীদের বিভিন্ন সামাজিক বিষয়ে কাজ করেছেন তিনি। সাদাসিধে জীবনযাপন ও রসবোধের জন্যও পরিচিত ছিলেন।

মাহাথির একাধিকবার তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে স্ত্রীর অবদানের কথা বলেছেন। ২০১৮ সালে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সিতি হাসমার দৃঢ় ব্যক্তিত্বের প্রশংসা করেছিলেন। সূত্র: রয়টার্স

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত