• NEWS PORTAL

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

পাঞ্জাবে গণধর্ষণের অভিযোগের ভিডিও নিয়ে ৩ ছাত্রীর ‘ইউ-টার্ন’, নতুন বিতর্ক

প্রকাশিত: ১২:৩৬, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:৩৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পাঞ্জাবে গণধর্ষণের অভিযোগের ভিডিও নিয়ে ৩ ছাত্রীর ‘ইউ-টার্ন’, নতুন বিতর্ক

পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অভিযোগটি মিথ্যা দাবি করে যে ভিডিও প্রকাশ করা হয়েছিল, কয়েক ঘণ্টা পর সেই ভিডিওতে থাকা তিন ছাত্রীই নতুন দাবি করেছেন। তাদের অভিযোগ, নিজেদের ইচ্ছায় নয়, তাদের দিয়ে ওই বক্তব্য রেকর্ড করিয়ে নেওয়া হয়েছিল। এমনকি তাদের অনুমতি ছাড়াই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে বলেও দাবি করেছেন তারা। তিন ছাত্রীর এই নতুন বক্তব্যে অস্বস্তিতে পড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নির্যাতিত ছাত্রী যে হস্টেলে থাকেন, ওই তিন ছাত্রীও একই হস্টেলের আবাসিক। প্রথম ভিডিওতে তারা দাবি করেছিলেন, তাদের হোস্টেলে গণধর্ষণের মতো কোনো ঘটনা ঘটেনি। ওই ভিডিও প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রবিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ উঠেছে।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, গণধর্ষণের পর অভিযুক্তদের শাস্তি হবে না- এমন আশঙ্কা থেকেই নির্যাতিতা বাড়ি চলে গেছেন। শনিবার রাত থেকে এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়। রবিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সড়কও অবরোধ করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিকা গুলাতি একটি ভিডিও প্রকাশ করেন। এতে বলা হয়, নির্যাতিত ছাত্রী তিন নম্বর হোস্টেলের ৫০৪ নম্বর কক্ষে থাকতেন। ভিডিওতে তিন ছাত্রী দাবি করেন, তারা গত দুই মাস ধরে ওই কক্ষে থাকছেন এবং সেখানে গণধর্ষণের মতো কোনো ঘটনা ঘটেনি। পুলিশ বা বিক্ষোভকারীরা যেন তাদের বিরক্ত না করেন, সেই অনুরোধও করতে শোনা যায় তাদের।

ওই ভিডিও দেখিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রবিবার দাবি করে, গণধর্ষণের অভিযোগ ভুয়া এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি চক্রান্ত চলছে। তবে এতে বিক্ষোভ থামেনি।

এর কয়েক ঘণ্টা পর পৃথক একটি ভিডিও প্রকাশ করেন ওই তিন ছাত্রী। সেখানে তারা দাবি করেন, আগের ভিডিওতে তাদের দিয়ে নির্দিষ্ট কিছু কথা বলিয়ে নেওয়া হয়েছিল। তাদের পুরো বক্তব্য প্রকাশ করা হয়নি, বরং ভিডিওটি সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

তিন ছাত্রীর দাবি, ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশ করা হবে- এ বিষয়ে তাদের জানানো হয়নি এবং তাদের অনুমতিও নেওয়া হয়নি। এ কারণে তারা অযথা হয়রানির শিকার হচ্ছেন বলেও জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তারা।

তিন ছাত্রীর নতুন বক্তব্যের বিষয়ে এখনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ খতিয়ে দেখতে পাঞ্জাব পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে। এ ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো অভিযুক্তদের পরিচয় বা ঘটনার সঙ্গে কারা জড়িত, তা স্পষ্ট নয়।

ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকে ১০ দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মিডটার্ম পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত