হৃদপিণ্ড বন্ধ রেখেও ৭ মাস বাঁচে যে ব্যাঙ!
ছবি: উড ফ্রগ
শীত এলেই যেন ‘মৃত্যুর’ অপেক্ষায় চলে যায় উত্তর আমেরিকার এক ব্যাঙ। তার শরীরের বড় অংশ জমে যায়, বন্ধ হয়ে যায় হৃদস্পন্দন ও শ্বাস-প্রশ্বাস। অথচ কয়েক মাস পর বরফ গলতে শুরু করলে আবার নড়েচড়ে বসে প্রাণীটি। অবিশ্বাস্য এই ক্ষমতার অধিকারী উড ফ্রগ (Lithobates sylvaticus)।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক সার্ভিসের তথ্য অনুযায়ী, তাপমাত্রা শূন্যের নিচে নামলে উড ফ্রগের চোখ ও শরীরের বিভিন্ন প্রান্ত জমতে শুরু করে। এরপর শরীরের বাইরে বরফ তৈরি হলেও ব্যাঙটি বেঁচে থাকে। শীতের পুরো সময় তার শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন বন্ধ থাকতে পারে।
এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গ্লুকোজ। ঠান্ডা শুরু হলে ব্যাঙটির লিভারে জমা গ্লাইকোজেন দ্রুত ভেঙে গ্লুকোজ তৈরি হয়। এই গ্লুকোজ শরীরের বিভিন্ন টিস্যুতে ছড়িয়ে পড়ে এবং কোষকে বরফজনিত ক্ষতি ও অতিরিক্ত পানি হারানো থেকে সুরক্ষা দেয়। গবেষণায় দেখা গেছে, জমাট উড ফ্রগের হৃদপিণ্ড, পেশি ও লিভারে গ্লুকোজের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
আলাস্কার উড ফ্রগের এই ক্ষমতা আরও বিস্ময়কর। ইউনিভার্সিটি অব আলাস্কা ফেয়ারব্যাংকসের গবেষণায় দেখা গেছে, সেখানে উড ফ্রগ প্রায় ৭ মাস জমাট অবস্থায় থেকেও বেঁচে থাকতে পারে। গবেষণায় সর্বনিম্ন প্রায় −১৮°C তাপমাত্রাতেও তাদের টিকে থাকার প্রমাণ পাওয়া গেছে।
বসন্তে তাপমাত্রা বাড়লে বরফ গলতে শুরু করে। এরপর ধীরে ধীরে হৃদপিণ্ড ও অন্যান্য শারীরিক কার্যক্রম আবার সক্রিয় হয় এবং ব্যাঙটি স্বাভাবিক জীবনে ফিরে আসে। এই অসাধারণ ‘ফ্রিজ-টলারেন্স’ নিয়ে গবেষণা ভবিষ্যতে কোষ ও অঙ্গ সংরক্ষণের মতো চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রেও নতুন ধারণা দিতে পারে। সূত্র: জার্নাল অব এক্সপেরিমেন্টাল বায়োলজি
বিভি/এমআর













মন্তব্য করুন: