• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের পাশে চীন! যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ

প্রকাশিত: ১৭:৫৯, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৮:০০, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মার্কিন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের পাশে চীন! যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ

ইরানকে চাপে ফেলতে একের পর এক কঠোর নিষেধাজ্ঞা ও হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের সঙ্গে সম্পর্ক রক্ষার প্রশ্নে সেসব নিষেধাজ্ঞা বা চাপকে পাত্তাই দিচ্ছে না চীন। মার্কিন নিষেধাজ্ঞার কারণে তেহরানের সঙ্গে বিমান যোগাযোগ কিংবা ব্যবসায়িক সম্পর্ক সীমিত করবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি জানিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া আরোপ করা একতরফা কোনো নিষেধাজ্ঞাকে বেইজিং স্বীকৃতি দেয় না। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, যুক্তরাষ্ট্রের এমন একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন এবং ইরানের সঙ্গে বরাবরের মতোই স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবে।

শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নেই চীনের এই অবস্থান। ইরানি বিমান সংস্থাগুলোর ফ্লাইট চীনে অবতরণ এবং অন্যান্য স্বাভাবিক কার্যক্রম নিয়েও সাম্প্রতিক মার্কিন চাপের মুখে চীন পিছু হটছে না। ওয়াশিংটন যেভাবে নিষেধাজ্ঞার মাধ্যমে তেহরানের সঙ্গে অন্য দেশগুলোর যোগাযোগ ও বিমান চলাচল নিয়ন্ত্রণ করতে চাইছে, বেইজিং সেই নীতিকে সরাসরি চ্যালেঞ্জ করছে।

এর আগে ইরান, চীন ও রাশিয়ার মধ্যকার ঘনিষ্ঠতায় ফাটল ধরেছে, এ ধরনের খবর ছড়ানো হয়, কিন্তু এ তিন দেশের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা ভিন্ন চিত্র তুলে ধরছে। ইরান ইস্যুতে তিন দেশের মধ্যে রাজনৈতিক ও কৌশলগত সমন্বয় ভালোভাবেই সক্রিয়। চীন ও রাশিয়া দুপক্ষই বারবার একতরফা নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক পরিসরে একতরফা ক্ষমতা প্রয়োগের বিরোধিতা করে আসছে।

তবে মার্কিন চাপের কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইরানের সঙ্গে বিমান যোগাযোগ সীমিত বা বন্ধ করেছে। ফলে একদিকে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা নীতি কার্যকর করার চেষ্টা, অন্যদিকে চীনের মতো শক্তিশালী রাষ্ট্রের তা প্রত্যাখ্যান, বৈশ্বিক শৃঙ্খলার দুই বিপরীত চিত্র সামনে আনছে। 

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত যত দীর্ঘ হচ্ছে, ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে চীন ও রাশিয়ার অবস্থান। কারণ তেহরানের সঙ্গে কূটনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক বজায় রাখার মাধ্যমে বেইজিং শুধু ইরানকেই সমর্থন দিচ্ছে না, একই সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞার বৈশ্বিক প্রভাবকে প্রশ্নবিদ্ধ করছে। এ অবস্থায় ইরানকে একঘরে করার চেষ্টা কতটা সফল হবে যুক্তরাষ্ট্রের সামনে এটাই এখন বড় চ্যালেঞ্জ।

বিভি/এইচজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত