• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়?

প্রকাশিত: ১৫:৪৯, ১ অক্টোবর ২০২৬

আপডেট: ১৫:৫৩, ১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়?

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বাল্যবিবাহ নিষিদ্ধ করা হয়েছে। অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম নতুন আইনে স্বাক্ষর করেছেন। আগামী ১ জানুয়ারি থেকে আইনটি কার্যকর হবে। এর ফলে ক্যালিফোর্নিয়ায় বিয়ের ন্যূনতম বয়স হবে ১৮ বছর।

নতুন আইন অনুযায়ী, বাবা-মায়ের সম্মতি বা আদালতের অনুমোদন থাকলেও ১৮ বছরের কম বয়সী কেউ ক্যালিফোর্নিয়ায় বিয়ে করতে পারবে না। এর আগে অঙ্গরাজ্যটিতে অপ্রাপ্তবয়স্কদের বিয়ের জন্য বাবা-মায়ের সম্মতি এবং বিচারকের অনুমোদনের সুযোগ ছিল।

আইনে স্বাক্ষরের সময় গভর্নর নিউসম বলেন, তরুণ ও অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় এই পদক্ষেপ অনেক আগেই নেওয়া উচিত ছিল। তার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশুবিবাহের বিরুদ্ধে আন্দোলনকারী কোর্টনি স্টডেন। ১৬ বছর বয়সে তিনি নিজের বাবা-মায়ের সম্মতিতে ৫০ বছর বয়সী হলিউড অভিনেতা ডগ হাচিসনকে বিয়ে করেছিলেন।

শিশুবিবাহ থেকে বেঁচে যাওয়া অন্য নারীরাও ক্যালিফোর্নিয়ার নতুন আইনকে স্বাগত জানিয়েছেন। সাবেক শিশু-কনে ব্রিটানি বি বিবিসিকে বলেন, ক্যালিফোর্নিয়ার এই সিদ্ধান্ত শিশুদের জন্য আশার বার্তা। তিনি জানান, ১৭ বছর বয়সে পারিবারিক নির্যাতন থেকে বেরিয়ে আসার জন্য তাকে বিয়ে করতে হয়েছিল। পরে স্বামীর কাছ থেকেও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেন তিনি।

আরেক ভুক্তভোগী সারা তাসনিম জানান, ১৫ বছর বয়সে তার চেয়ে প্রায় দ্বিগুণ বয়সী এক ব্যক্তির সঙ্গে তাকে বিয়ে দেওয়া হয়েছিল। বিয়ের দিন সকালে প্রথমবার স্বামীর সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়া হয় বলে জানান তিনি। পরের বছর ১৬ বছর বয়সে মা হন এবং পড়াশোনা ছেড়ে দিতে হয়।

তাসনিম বলেন, ২০১৭ সাল থেকে তিনি ক্যালিফোর্নিয়ায় শিশুবিবাহ বন্ধের দাবিতে কাজ করছেন। দীর্ঘ প্রচেষ্টার পর নতুন আইন পাস হওয়াকে তিনি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখছেন।

যুক্তরাষ্ট্রে প্রায় এক দশক আগেও সব অঙ্গরাজ্যে কোনো না কোনোভাবে শিশুবিবাহের সুযোগ ছিল। এরপর বিভিন্ন অঙ্গরাজ্য আইন পরিবর্তন করতে শুরু করে। ক্যালিফোর্নিয়া শিশুবিবাহ পুরোপুরি নিষিদ্ধ করা ১৮তম অঙ্গরাজ্য। গভর্নরের কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন আইনের পর ১৭টি অঙ্গরাজ্যে কোনো ব্যতিক্রম ছাড়াই শিশুবিবাহ নিষিদ্ধ হয়েছে।

শিশুবিবাহবিরোধী সংগঠন ‘আনচেইনড অ্যাট লাস্ট’-এর হিসাবে, ক্যালিফোর্নিয়ায় প্রতিবছর প্রায় ৯ হাজার মেয়ের বিয়ে হতো। সংগঠনটির দাবি, এসব বিয়ের প্রায় সব ক্ষেত্রেই মেয়েদের সঙ্গে প্রাপ্তবয়স্ক পুরুষের বিয়ে দেওয়া হতো।

অধিকারকর্মীদের মতে, যুক্তরাষ্ট্রের অনেক মানুষই জানেন না যে দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্যে এখনো নির্দিষ্ট পরিস্থিতিতে শিশুবিবাহের আইনি সুযোগ রয়েছে। তাদের অভিযোগ, এসব বিয়ের ক্ষেত্রে জোরপূর্বক সম্পর্ক, নির্যাতন এবং অপ্রাপ্তবয়স্কদের অসহায় অবস্থায় আটকে পড়ার মতো ঘটনা ঘটতে পারে।

কোর্টনি স্টডেন নতুন আইনকে স্বাগত জানিয়ে বলেন, ক্যালিফোর্নিয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে যুক্তরাষ্ট্রের সব ৫০ অঙ্গরাজ্যে শিশুবিবাহ বন্ধ না হওয়া পর্যন্ত তিনি এ নিয়ে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

সূত্র: বিবিসি

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত