• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

জবাইয়ের উদ্দেশ্যে ২৭০০ বিড়াল চুরি, গ্রেফতার ১২!

প্রকাশিত: ২২:৫৮, ৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
জবাইয়ের উদ্দেশ্যে ২৭০০ বিড়াল চুরি, গ্রেফতার ১২!

ছবি: এএফপি

রাতে আবাসিক এলাকায় হানা দিয়ে বিড়াল চুরি করে জবাইয়ের উদ্দেশ্যে পাচারের অভিযোগে ভিয়েতনামে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে প্রায় ২ হাজার ৭০০ বিড়াল চুরি ও পাচারের তথ্য পাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (৫ অক্টোবর) পুলিশ ও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়। হো চি মিন সিটিতে একটি কথিত বিড়াল চোর চক্রের বিরুদ্ধে তদন্তের সময় এসব বিড়াল চুরির ঘটনা সামনে আসে।

পুলিশ জানিয়েছে, অভিযানে বিড়াল ধরার ফাঁদ, লোম ছাড়ানোর মেশিন, ওজন মাপার যন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা বিভিন্ন ধরনের প্রায় ২ হাজার ৭০০ বিড়াল চুরি ও পাচারের কথা স্বীকার করেছে।

জানা যায়, ভিয়েতনামে কুকুর ও বিড়ালের মাংস খাওয়া আইনত নিষিদ্ধ নয়। দেশটির বিভিন্ন রেস্তোরাঁয় প্রকাশ্যেই এসব মাংস বিক্রির বিজ্ঞাপন দেখা যায়। তবে বিক্রেতাদের পশুর উৎসের সনদ সংগ্রহ করতে হয়।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চুরি করা বিড়ালগুলো রেস্তোরাঁয় প্রতি কেজি অন্তত ৭০ হাজার ভিয়েতনামি ডং বা প্রায় ২ দশমিক ৭০ মার্কিন ডলারে বিক্রি করা হতো। 

পুলিশের বিবৃতি অনুযায়ী, রবিবার গ্রেফতার ১২ জনের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু হয়েছে। এর আগে চলতি বছরের শুরুতে হো চি মিন সিটির পুলিশ পৃথক দুটি বিড়াল চোর চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ১৮ জনকে গ্রেফতার করেছিলো। সূত্র: এএফপি

বিভি/এমআর

মন্তব্য করুন: