ইমরান খানের মুক্তির দাবিতে লাখো সমর্থকের লং মার্চ!
ছবি: আল জাজিরা
কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ শুরু করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। রবিবার (৫ অক্টোবর) খাইবার পাখতুনখোয়া থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নিচ্ছেন।
লং মার্চের নেতৃত্ব দিচ্ছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। সমর্থকদের উদ্দেশে তিনি ইমরান খানের মুক্তির দাবিতে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। বিভিন্ন এলাকায় যাত্রাবিরতির পর মিছিলটি ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে।
তবে বিক্ষোভকারীদের রাজধানীতে প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান সরকার। সম্ভাব্য সংঘাত ও বিশৃঙ্খলা এড়াতে ইসলামাবাদ ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও কূটনৈতিক এলাকার প্রবেশপথে বসানো হয়েছে কনটেইনারের ব্যারিকেড।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, কোনো রাজনৈতিক দলকে রাজধানীর স্বাভাবিক কার্যক্রম ও ব্যবসা-বাণিজ্য অচল করার সুযোগ দেওয়া হবে না। বিক্ষোভকারীদের ইসলামাবাদে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি।
ইমরান খানের মুক্তি ও অন্যান্য দাবিতে পিটিআইয়ের সঙ্গে সরকারের আলোচনা সম্প্রতি ভেস্তে যায়। দলটির অভিযোগ, আলোচনার নামে তাদের ওপর অন্যায্য শর্ত চাপানো হয়েছিল। অন্যদিকে সরকার বলছে, খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসবিরোধী যৌথ নীতিতে সহযোগিতা করতে পিটিআই অস্বীকৃতি জানানোয় আলোচনা ব্যর্থ হয়েছে।
২০২৩ সালে গ্রেফতারের পর থেকে কারাগারে রয়েছেন ৭৪ বছর বয়সী ইমরান খান। একাধিক মামলায় সাজা পেলেও তার বেশির ভাগ সাজা স্থগিত বা বাতিল হয়েছে। ইমরান নিজেকে ‘রাজনৈতিক বন্দি’ বলে দাবি করে আসছেন। সূত্র: রয়টার্স
বিভি/এমআর













মন্তব্য করুন: