নাইজেরিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ৩২, উদ্ধার অভিযান শুরু
নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো রাজ্যে ৩২ জন আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় বিমানটির ২৫ যাত্রী ও সাতজন ক্রু সদস্যই নিহত হয়েছেন বলে জানা গেছে। বিমানটি বেনিন থেকে লাগোস যাওয়ার পথে নিখোঁজ হওয়ার পর ইগবোকোডা এলাকার নৌঘাঁটির কাছে এর ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। পরে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে কর্তৃপক্ষ।
সোমবার (৫ অক্টোবর) নাইজেরিয়ার বিমানমন্ত্রী ফেস্টাস কেইয়ামো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটিতে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন। স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটে (জিএমটি ৮টা ১৩ মিনিট) বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর রেডিওর মাধ্যমে যোগাযোগের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
নাইজেরিয়ার বিমানবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল এটিআর-৪২ মডেলের। নিয়মিত ফ্লাইটের অংশ হিসেবে বিমানটি বেনিন থেকে লাগোসের উদ্দেশে যাচ্ছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়।
বিমানমন্ত্রী কেইয়ামো জানান, তিনি নাইজেরিয়ার বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল সানডে কেলভিন আনেকের সঙ্গে কথা বলেছেন। উদ্ধার তৎপরতায় বিমান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।
ইগবোকোডা এলাকার নৌঘাঁটির কাছেই বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা জোরদার করেছে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিমানটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হলো, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা
বিভি/পিএইচ













মন্তব্য করুন: