হুথিদের কাছ থেকে মোকা পুনর্দখলের দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোকা পুনর্দখলের দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। সোমবার ইরান-সমর্থিত হুথিদের কাছ থেকে শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে তারা। মোকা নিয়ন্ত্রণে সৌদি-সমর্থিত ইয়েমেনি সেনারা দ্য নেশন’স শিল্ড ফোর্সেস, জায়ান্টস ব্রিগেড ও তিহামা রেজিস্ট্যান্সসহ বিভিন্ন প্রতিরোধ বাহিনীর সহায়তা নেয়।
গত সেপ্টেম্বরের শুরু থেকে মোকা শহরটি হুথিদের নিয়ন্ত্রণে ছিল। বর্তমানে বাব আল-মানদেব প্রণালির নিকটবর্তী গুরুত্বপূর্ণ অবস্থানগুলো থেকে হুথিদের বিতাড়িত করতে বড় ধরনের সামরিক অভিযান চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট।
তবে হুথিরাও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। এসব হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের তেলের ডিপোসহ আশপাশের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানা গেছে।
এ পরিস্থিতিতে হুথিদের মোকাবিলায় সৌদি আরবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক ও পাকিস্তান। সোমবার রিয়াদে তিন দেশের প্রতিনিধিদের জরুরি বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব।
এর আগে গত আগস্টে তিন দেশ মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছিল।
মোকা বন্দরনগরী বাব আল-মানদেব প্রণালির কাছাকাছি অবস্থিত হওয়ায় অঞ্চলটির সামরিক ও কৌশলগত গুরুত্ব রয়েছে। ফলে শহরটির নিয়ন্ত্রণ ঘিরে সরকারি বাহিনী ও হুথিদের সংঘাত ইয়েমেনের চলমান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: