• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

হামের প্রাদুর্ভাবে নিউইয়র্কজুড়ে জরুরি অবস্থা ঘোষণা

প্রকাশিত: ১১:১৯, ৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
হামের প্রাদুর্ভাবে নিউইয়র্কজুড়ে জরুরি অবস্থা ঘোষণা

হাম প্রাদুর্ভাবের কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর ক্যাথি হোকুল। সোমবার (৫ অক্টোবর) জারি করা এ জরুরি ঘোষণার মধ্য দিয়ে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে হাম সংক্রমণ বাড়তে শুরু করার পর কোনো অঙ্গরাজ্যে প্রথমবারের মতো এ ধরনের ঘোষণা দেওয়া হলো।

সংক্রমণ বাড়তে থাকায় হাম, মাম্পস ও রুবেলা (এমএমআর) টিকা দেওয়ার অনুমোদনপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের পরিধিও বাড়িয়েছে নিউইয়র্ক কর্তৃপক্ষ। বিশেষ করে অঙ্গরাজ্যের গ্রামীণ এলাকাগুলোতে সংক্রমণ বাড়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে গভর্নর ক্যাথি হোকুল বলেন, টিকা দিয়ে প্রতিরোধ করা সম্ভব- এমন কোনো রোগে কারও গুরুতর অসুস্থ হওয়া বা মৃত্যুবরণ করা উচিত নয়।

জরুরি আদেশে বলা হয়েছে, চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত নিউইয়র্কে ১০৮টি হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫ জুলাইয়ের পর থেকেই ১৮টি কাউন্টির টিকাদানে পিছিয়ে থাকা গ্রামীণ এলাকাগুলোতে ৯২টি সংক্রমণের ঘটনা ঘটেছে। অঙ্গরাজ্যটিতে সাধারণত প্রতিবছর যত হাম শনাক্ত হয়, এবারের সংখ্যা তার তুলনায় অনেক বেশি।

গভর্নরের কার্যালয় জানিয়েছে, নিউইয়র্ক শহরে সাতটি এবং অঙ্গরাজ্যের অন্যান্য এলাকায় ১০১টি হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। ১৫ জুলাইয়ের পর থেকে গ্রামীণ এলাকাগুলোতে স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলো এক হাজারের বেশি এমএমআর টিকার ডোজ দিয়েছে।

নিউইয়র্কের প্রতিবেশী পেনসিলভানিয়াতেও দ্রুত ছড়িয়ে পড়ছে হাম। ২ অক্টোবর পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ৯৭৭টি সংক্রমণ ও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্তদের বেশির ভাগই নিউইয়র্ক সীমান্তবর্তী গ্রামীণ কাউন্টির বাসিন্দা।

পেনসিলভানিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, অঙ্গরাজ্যটিতে মোট হাম আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এর ফলে তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সেখানে এটি সবচেয়ে বড় হাম প্রাদুর্ভাব হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রেও চলতি বছর হাম সংক্রমণের পরিস্থিতি উদ্বেগজনক। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, ১৯৯১ সালের পর এ বছর দেশটিতে সবচেয়ে বেশি হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত প্রায় ৩ হাজার ৯০০টি সংক্রমণের খবর পাওয়া গেছে।

নিউইয়র্কের নতুন জরুরি আদেশের আওতায় নিবন্ধিত নার্সরা হাম সন্দেহে প্রয়োজনীয় পরীক্ষা করানোর নির্দেশ দিতে পারবেন। পাশাপাশি ফার্মাসিস্টরা দুই বছর বয়সী শিশুদেরও এমএমআর টিকা দিতে পারবেন।

এ ছাড়া সব এমএমআর টিকা দেওয়ার তথ্য ৭২ ঘণ্টার মধ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্য বা নিউইয়র্ক সিটির টিকাদান নিবন্ধন ব্যবস্থায় জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এ তথ্য নিবন্ধনের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের সম্মতির প্রয়োজনীয়তাও সাময়িকভাবে শিথিল করা হয়েছে।

তবে টিকা দেওয়ার ক্ষেত্রে রোগী বা তার আইনগত অভিভাবকের সম্মতি এখনো বাধ্যতামূলক। সোমবার থেকে এ জরুরি অবস্থা কার্যকর হয়েছে এবং আগামী ৪ নভেম্বর পর্যন্ত তা বহাল থাকবে।

সূত্র: ইউএসএ টুডে

বিভি/পিএইচ

মন্তব্য করুন: