• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিতর্কের পর প্রকাশ্যে আসছে প্রিন্সেস ডায়ানার গোপন টেপ!

প্রকাশিত: ১২:৪৫, ৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১২:৫৭, ৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বিতর্কের পর প্রকাশ্যে আসছে প্রিন্সেস ডায়ানার গোপন টেপ!

প্রিন্সেস ডায়ানাকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তার রেকর্ড করা আগে কখনো প্রকাশিত না হওয়া কিছু অডিও টেপ। ডায়ানার ভাই আর্ল স্পেন্সারের বইয়ে রাজা তৃতীয় চার্লসকে নিয়ে করা বিতর্কিত দাবির পর এবার সেই সময়ের কিছু গোপন রেকর্ডিং প্রকাশ্যে আসতে যাচ্ছে। এসব টেপে স্পেন্সারের দাবির বিষয়ে নতুন প্রেক্ষাপট উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওয়েলসের সাবেক রাজকুমারী ডায়ানাকে নিয়ে নির্মিত নতুন তিন পর্বের তথ্যচিত্র ‘ডায়ানা আনহার্ড’ আগামী বছর মুক্তি পাওয়ার কথা। আগামী বছর ডায়ানার মৃত্যুর ৩০ বছর পূর্ণ হবে। তার গোপনে রেকর্ড করা অডিওকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে তথ্যচিত্রটি।

১৯৯২ সালে প্রকাশিত বহুল আলোচিত বই ‘ডায়ানা: হার ট্রু স্টোরি’ লেখার জন্য এসব অডিও রেকর্ডিং সাংবাদিক অ্যান্ড্রু মর্টনের কাছে দেওয়া হয়েছিল। এখন সেই একই রেকর্ডিংয়ের অংশকে ভিত্তি করে তথ্যচিত্রটি নির্মাণ করছে লাভ মানডে টিভি।

তথ্যচিত্রটির প্রযোজকেরা ডেডলাইনকে জানিয়েছেন, এসব টেপে ডায়ানার ভাই আর্ল স্পেন্সারের সাম্প্রতিক বই ‘সোয়ান সং’-এ আলোচিত কিছু বিষয়ও উঠে এসেছে। ফলে স্পেন্সারের করা বিভিন্ন দাবির বিষয়ে আরও তথ্য ও প্রেক্ষাপট সামনে আসতে পারে।

ডায়ানার মৃত্যুর পর রাজা তৃতীয় চার্লসকে নিয়ে স্পেন্সারের একটি দাবিকে কেন্দ্র করে তার সঙ্গে বাকিংহাম প্যালেসের পাল্টাপাল্টি বক্তব্য চলছে। স্পেন্সারের দাবি, ১৯৯৭ সালের আগস্টে প্যারিসে সড়ক দুর্ঘটনায় ডায়ানার আকস্মিক মৃত্যুর পর চার্লস বলেছিলেন, ‘নিশ্চিন্ত থাকুন, খুব শিগগিরই আমরা তাকে ভুলে যাব।’

গত মাসে প্রকাশিত এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস এ দাবির বিষয়ে প্রতিক্রিয়া জানায়। এতে বলা হয়, নীতিগত কারণে রাজপরিবার কোনো বই নিয়ে মন্তব্য করে না। তবে রাজা মনে করেন, ভাই-বোন হারানোর শোক মানুষের বিচারবোধকে প্রভাবিত করতে পারে এবং স্মৃতিকে এমনভাবে রাঙিয়ে দিতে পারে, যা অন্যরা—এমনকি বহু বছর পরও—অনুধাবন করতে পারে না।

তবে লাভ মানডে টিভির কেরেন বেয়ারফিল্ড বলেন, পুরোনো বিরোধের নিষ্পত্তি করাই নতুন সিরিজটির উদ্দেশ্য নয়। বরং এর লক্ষ্য হলো ‘ডায়ানাকে নিজের কথা বলার সুযোগ দেওয়া’।

তিনি বলেন, গণমাধ্যমে বরাবরই এমন একটি চিত্র তুলে ধরা হয়েছে যে ডায়ানা ছিলেন দুঃখী, একাকী এবং অন্যদের দ্বারা প্রভাবিত। কিন্তু এসব টেপ মোটেও সে গল্প বলে না। বরং এগুলো এমন এক সাহসী নারীর গল্প তুলে ধরে, যিনি নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখতেন, কী চান তা জানতেন এবং কীভাবে তা অর্জন করবেন, সেটিও জানতেন।

ধারণা করা হচ্ছে, একসঙ্গে পুরো অডিও আর্কাইভে প্রবেশাধিকার পাওয়া কোনো প্রতিষ্ঠানের জন্য এটিই প্রথম ঘটনা। বেয়ারফিল্ড বলেন, এসব টেপে ডায়ানার মানবিক দিকও ফুটে উঠেছে।

তিনি বলেন, প্রথমবার টেপগুলো শোনার সময় তার সবচেয়ে ভালো লেগেছিল ডায়ানার হাসি শুনতে পাওয়া। তথ্যচিত্রের মাঝের পর্বে ডায়ানার শৈশবের নানা বিষয় তুলে ধরা হয়েছে। এমন অনেক কিছু সেখানে রয়েছে, যা দর্শক হয়তো আশা করবেন না। এসব রেকর্ডিং থেকে বোঝা যায়, ছোটবেলা থেকেই ডায়ানার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও দৃঢ়তা ছিল।

এদিকে, ডায়ানার মৃত্যুর ৩০ বছর পূর্তি উপলক্ষে তার ছেলে প্রিন্স হ্যারিও একটি তথ্যচিত্র নির্মাণ করতে পারেন বলে খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে এখনো ডিউক অব সাসেক্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সূত্র: মিরর

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত