• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

এবার বেঙ্গালুরুতে ‘ককরোচ’ আন্দোলন, রাস্তায় প্রকাশ রাজ-ধ্রুব রাঠী

প্রকাশিত: ২২:৪৪, ৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
এবার বেঙ্গালুরুতে ‘ককরোচ’ আন্দোলন, রাস্তায় প্রকাশ রাজ-ধ্রুব রাঠী

ছবি: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই এবার ভারতের বেঙ্গালুরুতে সরব হলো ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) শহরের ফ্রিডম পার্কে আয়োজিত বিক্ষোভে যোগ দেন অভিনেতা-সামাজিক কর্মী প্রকাশ রাজ ও ইউটিউবার ধ্রুব রাঠী। সমাবেশ থেকে এসআইআর প্রক্রিয়া বাতিল এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করা হয়।

কর্ণাটকজুড়ে এসআইআর প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত বলে দাবি করা ব্যক্তিদের বক্তব্য শোনার জন্য কর্মসূচিটিকে ‘পিপলস ট্রাইব্যুনাল’ বা ‘জনতা ন্যায়ালয়’ হিসেবে আয়োজন করে ককরোচ জনতা পার্টি। পরে নারীদের সঙ্গে সংহতি জানিয়ে ‘চপ্পল প্রতিবাদ’ কর্মসূচিও পালনের কথা জানানো হয়।

ফ্রিডম পার্কে নারী, শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। তাদের হাতে ছিল ‘এরর ৪০৪—নেম নট ফাউন্ড’, ‘ডোন্ট ইরেজ আস, হিয়ার আস’, ‘ভোট থেফট’ ও ‘জ্ঞানেশ কুমার, গদি ছাড়ুন’ লেখা পোস্টার। ‘গ্র্যান্ড থেফট ডেমোক্রেসি’ লেখা পোস্টারের পাশাপাশি ভগৎ সিং ও সুভাষচন্দ্র বসুর ছবিও দেখা যায়।

সমাবেশে প্রকাশ রাজ বলেন, এসআইআর শুধু ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয় নয়; এর সঙ্গে মানুষের ভোটাধিকার ও মর্যাদার প্রশ্ন জড়িত। তিনি অভিযোগ করেন, দরিদ্র, আদিবাসী, মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং এর জন্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

অন্যদিকে ধ্রুব রাঠী নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতির অভিযোগ তুলে বলেন, তিনি কোনো সরকার পরিবর্তনের উদ্দেশ্যে এই কর্মসূচিতে আসেননি; বরং অধিকার নিয়ে কথা বলতেই এসেছেন।

বেঙ্গালুরুর এই কর্মসূচির পর আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে আরও একটি বিক্ষোভের কর্মসূচি রয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস্, ইন্ডিয়া টুডে

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত