• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

যুদ্ধে হারবে যুক্তরাষ্ট্র, জিতবে ইরান: মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী

প্রকাশিত: ১৬:১৮, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
যুদ্ধে হারবে যুক্তরাষ্ট্র, জিতবে ইরান: মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী

আধুনিক যুদ্ধবিমান, ভয়ংকর আকাশ হামলা কিংবা সামরিক শ্রেষ্ঠত্ব, কোনোটিই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে জেতাতে পারবে না। বরং দীর্ঘস্থায়ী এই যুদ্ধে শেষ পর্যন্ত ইরানই জয়ী হবে। এমনই পূর্বাভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাষ্ট্রবিজ্ঞানী ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন জে. মিয়ারশাইমার। তার মতে, কেবল বিমান হামলা চালিয়ে কোনো দেশের শাসনব্যবস্থা পরিবর্তনের ঐতিহাসিক নজির নেই। তাই সামরিক শক্তি প্রয়োগ করে ইরানে সরকার পরিবর্তনের মার্কিন পরিকল্পনাও সফল হবে না। উল্টো ইরানিদের পাল্টা আঘাত আন্তর্জাতিক অর্থনীতির আরও বড় ক্ষতি করবে বলে সতর্ক করেছেন তিনি। 

পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ‘মার্গালা ডায়ালগে’ দেওয়া দুই ঘণ্টার বক্তৃতায় এমন অভিমত ব্যক্ত করেছেন ৭৮ বছর বয়সী এই অধ্যাপক। তার বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশলগত ভুলের ব্যাখ্যা দিতে গিয়ে মিয়ারশাইমার বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেবল বিমান শক্তি ব্যবহার করে ইরানের শাসনব্যবস্থা উৎখাতের চেষ্টা করেছেন। কিন্তু ইতিহাস বলছে, শুধু আকাশপথে হামলা চালিয়ে কোনো দেশে সরকার পরিবর্তন করা যায় না। এর জন্য প্রয়োজন স্থল অভিযান।
 
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো ট্রাম্পের একটি অযৌক্তিক সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র যত উন্নত যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জামই ব্যবহার করুক, তাতে কাঙ্ক্ষিত রাজনৈতিক লক্ষ্য অর্জন সম্ভব হবে না। বরং শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে পরাজয় মেনে নিতে হবে এবং ইরান জয়ী হবে।

মিয়ারশাইমারের আশঙ্কা, যুদ্ধের পরিধি আরও বাড়লে ইরানের পাল্টা আঘাত আন্তর্জাতিক অর্থনীতির জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলের সমালোচনা করে তিনি বলেন, আফগানিস্তানে পরাজয় এবং ইরাক যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতির অভিজ্ঞতার পরও ওয়াশিংটন বারবার যুদ্ধে জড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্র যেন যুদ্ধে আসক্ত হয়ে পড়েছে।
 
একইসাথে ইরান ও ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের কৌশলগত মনোযোগও বিভক্ত হয়ে পড়েছে বলে মনে করেন এই অধ্যাপক। তিনি আরো বলেন, পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে পূর্ব এশিয়া থেকে গুরুত্বপূর্ণ নৌসম্পদ সরিয়ে নিতে হয়েছে। ফলে চীনের সঙ্গে প্রতিযোগিতায়ও চাপের মুখে পড়ছে ওয়াশিংটন।

বিভি/এইচজে

মন্তব্য করুন: