কলকাতায় মুসলিম কলোনিতে পানি বন্ধ, হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি
ভারতের কলকাতার জ্যোতিনগর কলোনিতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সরবরাহ বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ চেয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য সমীরুল ইসলাম।
শুক্রবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারকে লেখা চিঠি প্রকাশ করেন তিনি। খবর আউটলুক ইন্ডিয়ার।
চিঠিতে সমীরুল ইসলাম অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর কলকাতার জ্যোতিনগর কলোনিতে পানীয় জলের সরবরাহ বন্ধ হয়ে গেছে। এলাকাটিতে প্রধানত মুসলিম জনগোষ্ঠীর বসবাস হওয়ায় এবং তাঁরা বিজেপির তথাকথিত ‘ভোট ব্যাংকের’ অংশ না হওয়ায় এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তৃণমূলের এই সাংসদের মতে, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত পানীয় জল না পাওয়ার বিষয়টি কেবল পৌরসেবার সংকট নয়; এটি বাসিন্দাদের মৌলিক মানবাধিকারের সঙ্গে সম্পর্কিত। নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল এবং স্যানিটেশন সুবিধা পাওয়ার অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এ সংকট বাসিন্দাদের স্বাস্থ্য, মর্যাদা ও উপযুক্ত জীবনযাপনের অধিকারকে ঝুঁকির মুখে ফেলছে।
চিঠিতে তিনি বলেন, কলোনির বাসিন্দারা কোনো বিশেষ সুবিধা চাইছেন না; বরং বেঁচে থাকার জন্য অপরিহার্য একটি মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।
সমীরুল ইসলাম সতর্ক করে বলেন, দীর্ঘস্থায়ী পানির সংকটের কারণে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এতে বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।
এ অবস্থায় জ্যোতিনগর কলোনিতে নিয়মিত ও পর্যাপ্ত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাবদিহি চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে সংকটের কারণ এবং স্থায়ী সমাধানে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়ে তথ্য জানতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন এই সাংসদ।
উল্লেখ্য, আউটলুক ইন্ডিয়ার ১৬ সেপ্টেম্বরের এক প্রতিবেদন অনুযায়ী, কলকাতার ওই কলোনির পাঁচটি সরকারি পানির কল ২৯ জুলাই থেকে অচল ছিল। এতে প্রায় পাঁচ হাজার বাসিন্দা নিয়মিত পানির সরবরাহ থেকে বঞ্চিত হন।
বিভি/এজেড













মন্তব্য করুন: