• NEWS PORTAL

  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬

শান্তিতে নোবেল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০০:১৮, ১০ অক্টোবর ২০২৬

আপডেট: ০০:১৯, ১০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
শান্তিতে নোবেল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক বিচারক নাভি পিল্লাইয়ের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার খবরের কয়েক ঘণ্টার মধ্যেই আদালতটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৯ অক্টোবর) ওয়াশিংটনের এ পদক্ষেপকে কেন্দ্র করে ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে আইসিসি। নিষেধাজ্ঞাকে ‘আইনের শাসন ও আন্তর্জাতিক আইনি ব্যবস্থার মূল ভিত্তির ওপর আঘাত’ হিসেবে উল্লেখ করে আদালতটি বলেছে, তাদের সুরক্ষায় ১২৫টি সদস্য রাষ্ট্রকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এক বিবৃতিতে আইসিসি জানায়, প্রতিষ্ঠানটির পক্ষে একা এই চাপ মোকাবিলা করা সম্ভব নয়। এর ভবিষ্যৎ প্রতিষ্ঠাতা রাষ্ট্রগুলোর ভূমিকার ওপরও নির্ভর করছে। এটি শুধু একটি প্রতিষ্ঠানকে রক্ষার বিষয় নয়, বরং আইনের শাসনের ভিত্তিতে গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থাকে সুরক্ষিত রাখার প্রশ্ন।

নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই আন্তর্জাতিক অপরাধ আদালতকে মার্কিন নাগরিকদের বিচার করতে দেবেন না। এ কারণেই আদালতটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রুবিও আরও বলেন, আইসিসির সঙ্গে সব ধরনের লেনদেন নিষিদ্ধ করা, আদালতটির সম্পদ ও অর্থায়নের উৎস বন্ধ করা এবং এর কার্যক্রম পরিচালনার সক্ষমতা দুর্বল করে দেওয়ার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞার ক্ষেত্রে প্রাথমিকভাবে ছয় মাসের ছাড় এবং নির্দিষ্ট কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। এর আওতায় টেলিযোগাযোগ, সফটওয়্যার, পেনশন প্রদান এবং বন্দিদের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনের ক্ষেত্রে সাময়িক ছাড় পাওয়া যাবে।

রুবিওর ভাষ্য, যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিরসনে আইসিসি ও এর সদস্য রাষ্ট্রগুলোকে সুযোগ দিতেই নিষেধাজ্ঞার কাঠামোয় এসব ছাড় রাখা হয়েছে। তবে ওয়াশিংটনের দাবি পূরণ না হলে নিষেধাজ্ঞা আরও কঠোর করা হতে পারে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্মকাণ্ড নিয়ে তদন্তের কারণে দীর্ঘদিন ধরেই আইসিসির সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্র। তবে আফগানিস্তান-সংক্রান্ত তদন্তটি বর্তমানে অগ্রাধিকারের তালিকায় পিছিয়ে রয়েছে বলে জানিয়েছে আদালতটি।

এদিকে, আইসিসির ডেপুটি প্রসিকিউটর নাজহাত শামিম খান রয়টার্সকে বলেন, নিষেধাজ্ঞার লক্ষ্য আন্তর্জাতিক পর্যায়ে আইনের শাসন এবং একটি স্বাধীন বিচারিক প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত করা। তবে এসব পদক্ষেপের মধ্যেও আদালতের বিভিন্ন পরিস্থিতি নিয়ে কাজ, তদন্ত ও বিচারপ্রক্রিয়া স্বাভাবিকভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত