খামেনিকে হত্যা করা ইসরাইলের ভুল ছিল: ইসরাইলি নেতা
ছবি: সংগৃহীত
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা ইসরাইলের স্বার্থের পরিপন্থী ছিল বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রধান ইয়ার গোলান। তাঁর দাবি, খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব আরও কঠোর অবস্থান গ্রহণকারী ব্যক্তিদের হাতে চলে গেছে।
শুক্রবার (১০ অক্টোবর) ইসরাইলের রিশন লেজিয়ন শহরে আয়োজিত এক অনুষ্ঠানে সাক্ষাৎকারে এসব কথা বলেন গোলান। তাঁর বক্তব্যের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরাইল।
গোলান বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে মনে করি, খামেনি-বাবাকে হত্যা করা একটি ভুল ছিল।’ তবে তাঁর মতে, খামেনি মৃত্যুর যোগ্য ছিলেন না, বিষয়টি তা নয়; বরং তাঁকে হত্যা করে ইসরাইল নিজেদের রাষ্ট্রীয় স্বার্থ অর্জন করতে পারেনি।
৮৬ বছর বয়সী খামেনির স্থলাভিষিক্ত হন তাঁর ছেলে মোজতবা খামেনি। গোলানের দাবি, এই নেতৃত্ব পরিবর্তনের ফলে ইরানের নেতৃত্বে আরও কঠোর নীতির অনুসারীদের প্রভাব বেড়েছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও সমালোচনা করেন গোলান। তিনি বলেন, ইরানের সরকারকে উৎখাত করার লক্ষ্য বাস্তবসম্মত নয় এবং নেতানিয়াহু সেই লক্ষ্য অর্জন করতে পারেননি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধ শুরু করে। এর জবাবে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সংঘাতের প্রভাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানির দামেও প্রভাব পড়ে। পরে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা হয়। এর উদ্দেশ্য ছিল শত্রুতা বন্ধ করা এবং পরবর্তী আলোচনার পথ তৈরি করা। সূত্র: আনাদোলু এজেন্সি
বিভি/এনএইচ













মন্তব্য করুন: