• NEWS PORTAL

  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬

দিল্লিতে আটক অভিজিৎ দীপকের জন্য দুঃসংবাদ, সকালেই মারা গেছেন দাদি

প্রকাশিত: ১৫:৫৪, ১০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
দিল্লিতে আটক অভিজিৎ দীপকের জন্য দুঃসংবাদ, সকালেই মারা গেছেন দাদি

ভারতের দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে বিমানবন্দরে পুলিশের হাতে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এর মধ্যেই পরিবারের কাছ থেকে আসে দুঃসংবাদ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার (১০ অক্টোবর) সকালে মহারাষ্ট্রে মারা গেছেন তার দাদি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দিল্লির যন্তর মন্তরে নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে শনিবার রাজধানীতে পৌঁছান অভিজিৎ দীপকে। তবে বিমান অবতরণের পরপরই তাকে ও তার সহযোগীদের আটক করে দিল্লি পুলিশ।

এদিকে, মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সানতুক পিম্পরি গ্রামে মারা যান অভিজিতের দাদি। বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন তিনি।

অভিজিতের পরিবার বর্তমানে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে বসবাস করে। বাবার চাকরির কারণে পরিবারের অন্য সদস্যরা সেখানে থাকলেও তার দাদি পৈতৃক গ্রামেই ছিলেন।

ছেলেকে বিমান থেকে আটক করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিজিতের বাবা। তাঁর অভিযোগ, দেশের স্বার্থে প্রতিবাদ করতে যাওয়া একজন তরুণকে এভাবে আটক করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।

তিনি প্রশ্ন তোলেন, সন্ত্রাসবাদী ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে কেন একজন প্রতিবাদী তরুণকে বিমান থেকে আটক করা হলো। কোন আইনের ভিত্তিতে তাঁর ছেলেকে আটক করা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যাও দাবি করেন তিনি। তার দাবি, কোনো শিক্ষার্থীকে এভাবে আটক করার ঘটনা নজিরবিহীন।

তবে আটকের কারণ ও আইনগত ভিত্তি নিয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

১০ অক্টোবর যন্তর মন্তরে সিজেপির ডাকা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তরুণেরা দিল্লিতে জড়ো হন। নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, কর্মসূচি শুরুর আগেই দিল্লি পুলিশ ধ্রুব রাঠি, তুষার গান্ধী, অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটক করে। পুলিশের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে সিজেপি।

বিভি/টিটি

মন্তব্য করুন: