• NEWS PORTAL

  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬

এপস্টেইন ইস্যুতে ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের মামলা খারিজ

প্রকাশিত: ২৩:৩৪, ১ নভেম্বর ২০২৬

আপডেট: ২৩:৩৪, ১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এপস্টেইন ইস্যুতে ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের মামলা খারিজ

ছবি: জেফরি এপস্টেইনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প (ডানে)

যৌন অপরাধী জেফরি এপস্টেইনের জন্মদিনের বইয়ে ট্রাম্পের নামসংবলিত একটি বিতর্কিত চিঠি থাকার খবর প্রকাশ করেছিলো মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। ওই প্রতিবেদনকে মানহানিকর দাবি করে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা খারিজ করে দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলাটি পুনরায় দায়েরের পথও বন্ধ করে দিয়েছেন বিচারক।

শনিবার (৩১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতের বিচারক ড্যারিন গেইলস এ আদেশ দেন। বিচারক বলেন, জনপরিচিত ব্যক্তি হিসেবে মানহানির মামলা করতে হলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম জেনেশুনে মিথ্যা তথ্য প্রকাশ করেছে, অথবা তথ্যের সত্যতা নিয়ে বেপরোয়া অবহেলা করেছে—এমন প্রমাণ দেখাতে হয়। ট্রাম্পের সংশোধিত অভিযোগেও সংবাদমাধ্যমটির বিরুদ্ধে এমন ‘প্রকৃত বিদ্বেষ’ বা অ্যাকচুয়াল ম্যালিস প্রমাণ করা যায়নি।

বিচারক ওয়াল স্ট্রিট জার্নালের অনুসন্ধানী প্রতিবেদন তৈরির প্রক্রিয়া এবং প্রকাশের আগে ট্রাম্পসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়ার চেষ্টার বিষয়টিও উল্লেখ করেন। তার মতে, অভিযোগে প্রতিবেদনের অনুসন্ধান প্রক্রিয়ার ত্রুটি দেখানোর চেষ্টা করা হলেও তা আইনি মানদণ্ড পূরণ করেনি।

২০২৫ সালের জুলাইয়ে ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনটি প্রকাশ করে, যাতে ২০০৩ সালে এপস্টেইনের ৫০তম জন্মদিন উপলক্ষে তৈরি একটি অ্যালবামে ট্রাম্পের নামসংবলিত যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা ছিলো। ট্রাম্প ওই চিঠি লেখার কথা অস্বীকার করে প্রতিবেদনটিকে মিথ্যা দাবি করেন।

এরপর সংবাদমাধ্যম, এর মালিক প্রতিষ্ঠান ডাও জোন্স, রুপার্ট মারডক ও সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেন তিনি। প্রথম দফায় মামলাটি খারিজ হওয়ার পর সংশোধিত অভিযোগ জমা দিয়েছিলেন ট্রাম্প। এবার সেটিও খারিজ হলো। তবে ট্রাম্পের আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে আপিলের ইঙ্গিত দিয়েছেন। সূত্র: বিবিসি

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত