দুই দিনের মধ্যেই খুলে দেয়া হবে হরমুজ প্রণালী, তবে..
মাত্র দুই দিনের মধ্যেই খুলে দেয়া হবে হরমুজ প্রণালী। তবে, তার জন্য ইরানের সব শর্ত মানতে হবে যুক্তরাষ্ট্রকে। কাতারের প্রতিনিধিদলের সাথে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরান যুদ্ধ শেষ করতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী খুলে দিয়ে, যুক্তরাষ্ট্রের সাথে একটি স্থায়ী শান্তিচুক্তি করতে শনিবার মধ্যস্থতাকারী কাতারের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন ইরানের নেতারা।
এর আগে হরমুজ খুলে দিতে সাত দিনের পরিকল্পনার কথা জানালেও বৈঠক শেষে শর্ত সাপেক্ষে দুইদিনের মধ্যে জলপথটি খুলে দেয়ার আশ্বাস দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের সাত দিনের পরিকল্পনা প্রস্তাবের জবাবে গেল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পাঠানো চিঠি পর্যালোচনার কথা জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই।
চিঠির বিষয়ে বিস্তারিত তথ্য না জানালেও, যুক্তরাষ্ট্রের সুর পুরোপুরি বদলে গেছে বলে দাবি করেছেন রেজাই। যার কিছুটা ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি বরং তিনি কূটনৈতিকভাবে বিষয়টি সমাধান করতে চান।
বিভি/এমআর













মন্তব্য করুন: