সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে নিহত ২১
পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসী ও শরণার্থীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে আরও কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা জানতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, শনিবার গভীর রাত পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নিহতের সংখ্যা প্রাথমিক বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চলছে। নিহতদের পরিবারের সদস্যদেরও সহায়তা দেওয়া হচ্ছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ডাকারের সঙ্গে উত্তরাঞ্চলীয় শহর সেন্ট-লুইসের মধ্যবর্তী কেবেমের বিভাগের লুমপুল বালিয়াড়ি উপকূলে পিরোগ ধরনের তলদেশ সমতল একটি নৌকা উল্টে যায়। এতে নৌকাটি ডুবে হতাহতের ঘটনা ঘটে।
সেনেগালের সংবাদপত্র লে সোলেইল জানিয়েছে, নিহতদের অধিকাংশই একই বিভাগের লেওনা ও থিয়েপ্পে এলাকার বাসিন্দা।
পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে সাম্প্রতিক বছরগুলোতে হাজারো মানুষের মৃত্যু হয়েছে। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডার্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই এ পথে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে অভিবাসীবাহী নৌকার আগমন বেড়ে যাওয়ায় স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপের কর্তৃপক্ষ শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেছে। দ্বীপটির প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে প্রায় ৩০টি নৌকায় করে ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী সেখানে পৌঁছেছেন।
সূত্র: আলজাজিরা
বিভি/পিএইচ













মন্তব্য করুন: