বিশ্বজুড়ে এল নিনোর প্রভাব
ইরাকে ভয়াবহ বন্যায় নিহত ২; জাপানে তুষারপাত, পেরুতেও তীব্র তাপপ্রবাহ
ছবি: গার্ডিয়ান
বিশ্বজুড়ে আবহাওয়ায় দেখা দিচ্ছে চরম বৈপরীত্য। শক্তিশালী এল নিনোর প্রভাবে কোথাও বাড়ছে তাপমাত্রা, কোথাও আবার দেখা দিচ্ছে অস্বাভাবিক শীত ও ভারী বৃষ্টিপাত। এরই মধ্যে ইরাকের উত্তরাঞ্চলে প্রবল বজ্রঝড় ও ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে। জাপানে তীব্র শীত ও তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রশান্ত মহাসাগরে এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা বিরাজ করছে।
শনিবার (৭ নভেম্বর) ইরাকের উত্তরাঞ্চলে প্রবল বজ্রঝড়ের পর আকস্মিক বন্যা দেখা দেয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এরবিল শহর। ভারী বৃষ্টিতে শহরটির ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অল্প সময়ের মধ্যে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত দুজন। একই সময়ে প্রতিবেশী ইরানেও তীব্র বজ্রঝড় বয়ে গেছে।
আবহাওয়ার পূর্বাভাসে এরবিলে ৩০ মিলিমিটার বৃষ্টির কথা বলা হলেও বাস্তবে বৃষ্টিপাত হয়েছে প্রায় ৮০ মিলিমিটার। প্রত্যাশার তুলনায় অনেক বেশি বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির অবনতি ঘটে।
এদিকে, ইউরোপের দেশ পর্তুগালে চলতি সপ্তাহে আঘাত হানতে পারে শক্তিশালী ঝড় ‘ব্রুনা’। দেশটির পশ্চিম উপকূলে ঝড়টির প্রভাব বেশি পড়ার আশঙ্কা রয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। পাশাপাশি ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। সপ্তাহের শেষ নাগাদ মোট বৃষ্টিপাত ২০০ মিলিমিটারে পৌঁছাতে পারে। এরই মধ্যে ক্যানারি দ্বীপপুঞ্জে ঝড়টির প্রভাব পড়েছে। শনিবার রাতে টেনেরিফ দ্বীপে ঘণ্টায় ৮০ মাইল বা প্রায় ১২৯ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে, গত সপ্তাহের শেষ দিকে জাপানে তীব্র শীত ও তুষারপাত হয়েছে। চলতি সপ্তাহের শুরুতেও দেশটির হোক্কাইডো দ্বীপ এবং প্রধান দ্বীপ হনশুর পার্বত্য এলাকায় আরও তুষারপাতের পূর্বাভাস রয়েছে।
জাপানে তাপমাত্রা মৌসুমি গড়ের চেয়ে অনেক নিচে নেমে যেতে পারে। হোক্কাইডো প্রদেশের রাজধানী সাপ্পোরোতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। সোমবার ও বুধবার শহরটির সর্বোচ্চ তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা শূন্য ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রি এবং হোক্কাইডোর পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় মঙ্গলবার তা মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।
শুক্রবার থেকে তুষারপাত শুরু হওয়ায় জাপানের বিভিন্ন স্কি রিসোর্টে পর্যটকদের আগমনের প্রস্তুতি চলছে। কিরোরো ও নিসেকো এলাকায় ৩০ থেকে ৫০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে। ফুরানো, রুসুতসু ও সাপ্পোরোতে তুষারপাত হতে পারে ২০ থেকে ৩০ সেন্টিমিটার। এ ছাড়া বুধবারের মধ্যে অন্যান্য স্কি রিসোর্টেও ২০ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমতে পারে।
তুষারপাতের পাশাপাশি শুক্রবার ও সপ্তাহান্তে শক্তিশালী বাতাস বয়ে গেছে। কিরোরো ও নিসেকো এলাকায় ঘণ্টায় প্রায় ৭৫ মাইল বা ১২১ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রেকর্ড করা হয়েছে।
এদিকে, প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে শক্তিশালী এল নিনোর প্রভাব পড়েছে। অক্টোবরের শেষ দিকে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা দীর্ঘমেয়াদি গড়ের তুলনায় প্রায় ৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এর প্রভাবে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে তাপমাত্রা মৌসুমি গড়ের চেয়ে ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। আগামী সপ্তাহেও দেশটিতে অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
সূত্র: গার্ডিয়ান
বিভি/পিএইচ













মন্তব্য করুন: