• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

গাজায় এবার হামলা নয়, ভূমিধসে নারী-শিশুসহ ৫ জনের প্রাণহানি

প্রকাশিত: ১৭:২৬, ৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:৩৪, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গাজায় এবার হামলা নয়, ভূমিধসে নারী-শিশুসহ ৫ জনের প্রাণহানি

ছবি: আলজাজিরা

ইসরাইলের সামরিক হামলার মধ্যেই এবার ভারী বৃষ্টি ও ভূমিধসে প্রাণহানির ঘটনা ঘটেছে ফিলিস্তিনের গাজায়। মধ্য গাজায় বৃষ্টির কারণে বালুর স্তূপ ধসে তাঁবুর ওপর পড়ে চার শিশুসহ পাঁচ বাস্তুচ্যুত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এ পরিস্থিতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ‘উদাসীনতা ও নিষ্ক্রিয়তাকে’ দায়ী করে তীব্র সমালোচনা করেছে গাজার ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় বলেছে, ‘এটি এমন এক দৃশ্য, যা মানবতার বিবেককে লজ্জিত করা উচিত। আমাদের জনগণের প্রতি যে অবহেলা ও পরিত্যাগের আচরণ করা হচ্ছে, এ ঘটনা তারই প্রতিফলন।’

রবিবার মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় বালুর একটি উঁচু স্তূপ ধসে তাঁবুর ওপর পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। বছরের প্রথম শীতকালীন ঝড়ের প্রভাবে শুক্রবার থেকে গাজায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে উপত্যকাজুড়ে ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দেয়।

বৃষ্টির পানিতে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরগুলো ডুবে গেছে। একই সঙ্গে ইসরাইলের বিমান হামলায় আগে থেকেই ক্ষতিগ্রস্ত ভবনগুলোর কাঠামো আরও দুর্বল হয়ে পড়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর আরোপ করা বিধিনিষেধের কারণে গাজায় উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় বিশেষ সরঞ্জামের সংকট রয়েছে। ফলে ধ্বংসস্তূপ ও বালুর নিচে আটকে পড়াদের উদ্ধারে স্থানীয় বাসিন্দাদের খালি হাতে মাটি খুঁড়তে হয়েছে।

আলজাজিরার প্রতিবেদক তারেক আবু আজুম দেইর আল-বালাহ থেকে জানান, নিহত ব্যক্তিরা এমন দুর্বল তাঁবুতে বসবাস করছিলেন, যেখানে ভারী বৃষ্টি থেকে সুরক্ষার কোনো ব্যবস্থা ছিল না। তাঁবুগুলো ছিল খোলা ও অরক্ষিত জায়গায়।

তিনি বলেন, ‘বালুর বাঁধটি যখন ধসে পড়ে, তখন ওই মানুষগুলোর পালিয়ে যাওয়া বা নিজেদের রক্ষা করার কোনো সুযোগ ছিল না। এ ঘটনা মাঠপর্যায়ে সাধারণ মানুষকে কী ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, তা সামনে নিয়ে এসেছে।’

গত সপ্তাহান্তে ঝড়ের আঘাতে গাজায় প্রায় ৭০ হাজার তাঁবু পানিতে ডুবে গেছে। শিশু অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের তথ্য অনুযায়ী, উপত্যকাটিতে পাঁচ লাখের বেশি শিশু ‘সংকটজনক বা বিপর্যয়কর’ আশ্রয় পরিস্থিতিতে বসবাস করছে।

এক বিবৃতিতে সেভ দ্য চিলড্রেন বলেছে, এক বছরেরও বেশি সময় আগে ঘোষিত কথিত যুদ্ধবিরতিতে তাঁবুর তুলনায় অধিক টেকসই বিকল্প হিসেবে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ আবাসন প্রবেশের কথা বলা হয়েছিল। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ বারবার সেগুলো গাজায় প্রবেশে বাধা দিয়েছে। ফলে লাখ লাখ শিশু আরও একটি শীতকাল চরম দুর্ভোগের মধ্যে কাটাতে বাধ্য হচ্ছে।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় এ বিপর্যয়ের জন্য ইসরাইল, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘সম্পূর্ণ ও সরাসরি দায়ী’ করেছে। তাদের অভিযোগ, ইসরাইলের কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এবং আশ্রয়সামগ্রী, নির্মাণসামগ্রী, ক্যারাভ্যান, জ্বালানি ও পৌরসভা এবং বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারযন্ত্র চালানোর প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় তাদের দায় রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘বোর্ড অব পিস’ এবং গাজা পরিচালনার জন্য গঠিত জাতীয় কমিটির নিষ্ক্রিয়তা ও অনুপস্থিতি গভীর উদ্বেগের বিষয়। গাজার মানুষের দুর্ভোগের সময় এসব সংস্থার কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া এবং দায়িত্ব পালনে ব্যর্থতা তাদের অস্তিত্বের উদ্দেশ্য নিয়েই গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরায়েলে হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইল। এরপর থেকে ইসরাইলি হামলায় ৭৪ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি হামলায় আরও ১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা

বিভি/পিএইচ

মন্তব্য করুন: