ইন্দোনেশিয়ায় দাবানলের আগুন নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১
ইন্দোনেশিয়ার দক্ষিণ কালিমান্তান প্রদেশে দাবানল নেভানোর অভিযানের সময় একটি হেলিকপ্টার নদীতে বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের একজন অস্ট্রেলিয়ার এবং অন্যজন নিউজিল্যান্ডের নাগরিক।
রবিবার (৮ নভেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, দুর্ঘটনায় ইন্দোনেশীয় এক ক্রু সদস্য নিহত হয়েছেন। উদ্ধার হওয়া অপর দুই আরোহীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তবে এ ঘটনার পরও দাবানল নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রাখা সম্ভব বলে জানিয়েছে সংস্থাটি।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রকাশ করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি নদীর ওপর পানিভর্তি বিশেষ ঝুলন্ত পাত্র নিয়ে উড়ছিল। আগুন নেভানোর কাজে ব্যবহৃত ওই পাত্র থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের কথা ছিল। কিন্তু একপর্যায়ে হেলিকপ্টারটি সামনের দিকে কাত হয়ে নদীতে আছড়ে পড়ে।
পরে উদ্ধারকারীদের নৌকায় করে আংশিক ডুবে থাকা হেলিকপ্টারটির কাছে পৌঁছাতে দেখা যায়।
নিহত ক্রু সদস্যের নাম ইয়ায়ান সুপিয়ানসুরি বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া দুজন হলেন অস্ট্রেলিয়ার নাগরিক মাইকেল জন বেটাররিজ এবং নিউজিল্যান্ডের নাগরিক হিউ অ্যান্ড্রু জন পেজ।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, বিধ্বস্ত সুপার পুমা এইচ-২২৫ মডেলের হেলিকপ্টারটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন। দাবানল নেভানোর অভিযানে ব্যবহারের জন্য ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছিল কর্তৃপক্ষ।
এদিকে, একই ধরনের অভিযানে এর কয়েক দিন আগেও মধ্য কালিমান্তানে আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় তিন ক্রু সদস্য নিহত হন। শনিবার দেশটির সামরিক বাহিনী জানায়, বিধ্বস্ত হেলিকপ্টারটির ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।
কয়েক মাস ধরে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির বনভূমি ও পিটল্যান্ডে জ্বলতে থাকা আগুনে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তীর্ণ এলাকা বিষাক্ত ধোঁয়াশায় ঢেকে যাচ্ছে। এল নিনোর প্রভাবে শুষ্ক মৌসুম আরও তীব্র হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।
দাবানলের ধোঁয়ায় ইন্দোনেশিয়ার বিভিন্ন শহরের আকাশ ঢেকে গেছে বিষাক্ত ধোঁয়াশায়। এতে আকাশের রং অ্যাম্বারের মতো হয়ে উঠেছে এবং কালিমান্তান ও সুমাত্রা দ্বীপের বিভিন্ন শহরে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বেড়েছে। ধোঁয়াশা ছড়িয়ে পড়েছে প্রতিবেশী মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও। এতে দেশ দুটিতে জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
দাবানল মোকাবিলায় বিভিন্ন দেশ ইন্দোনেশিয়াকে সহায়তা দিচ্ছে। এর মধ্যে অস্ট্রেলিয়া উড়োজাহাজের পাশাপাশি পাইলট ও প্যারামেডিকসহ ২০ জন কর্মী পাঠিয়েছে।
সূত্র: বিবিসি
বিভি/পিএইচ













মন্তব্য করুন: