• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পাকিস্তানে সংবাদ উপস্থাপককে নিজ বাসায় গুলি করে হত্যা, দায় স্বীকার স্বামীর

প্রকাশিত: ১৭:৫০, ৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:৫৮, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পাকিস্তানে সংবাদ উপস্থাপককে নিজ বাসায় গুলি করে হত্যা, দায় স্বীকার স্বামীর

ছবি: রাবিয়া আহসান

পাকিস্তানের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে নিজ বাসায় গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দেশটির রাওয়ালপিন্ডিতে নিজ শয়নকক্ষে তাকে গুলি করা হয়। এ ঘটনায় তার স্বামী আহসান তাহিরকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এজাহারের (এফআইআর) অনুলিপি অনুযায়ী, ৪১ বছর বয়সী রাবিয়াকে রবিবার বিকেল ৩টার দিকে তার শয়নকক্ষে গুলি করা হয়। ঘটনার সময় তার সঙ্গে একই বাড়িতে বসবাস করা মা ও বোন বাড়ির লনে ছিলেন। পাকিস্তানি সংবাদমাধ্যম সামার এক প্রতিবেদনে জানিয়েছে, হত্যার কথা স্বীকার করেছেন তার স্বামী আহসান তাহির।

গুলির শব্দ শুনে রাবিয়ার বোন আলভিনা দ্রুত শয়নকক্ষে ছুটে যান। সেখানে তিনি রাবিয়াকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তার স্বামীর হাতে একটি পিস্তল ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে মরদেহের বাহ্যিক পরীক্ষা করে। এতে রাবিয়ার গলার নিচে একটি এবং পিঠের ডান পাশে আরেকটি গুলির ক্ষত পাওয়া যায়।

পাঞ্জাব ফরেনসিক সায়েন্স অথরিটির (পিএফএসএ) সদস্যরা ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা .৩০ বোরের একটি পিস্তল ও গুলি উদ্ধার করেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, রাবিয়ার বাড়িতে কর্মরত এক পুরুষ গৃহকর্মী পুলিশকে জানান, গুলির শব্দের পর তাহির দাবি করেছিলেন, ভুলবশত গুলিটি বেরিয়ে গেছে।

জিজ্ঞাসাবাদের সময় পিস্তলটির বৈধ লাইসেন্স বা অনুমতিপত্র দেখাতে পারেননি তাহির। তার দেওয়া বক্তব্য ও ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় পাকিস্তান দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) মামলা করা হয়েছে। রাবিয়া হত্যার ঘটনায় আরও তদন্ত চলছে।

এদিকে, পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি এ হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন এবং সহিংসতার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।

প্রেসিডেন্সির এক বিবৃতিতে বলা হয়, সাংবাদিক রাবিয়া আহসানের হত্যাকাণ্ডে ফার্স্ট লেডি গভীর শোক প্রকাশ করেছেন এবং সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটন এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে তিনি পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, কর্মজীবী নারী হিনা জাভেদের হত্যাকাণ্ডের কথাও স্মরণ করেছেন ফার্স্ট লেডি। তিন মাসেরও কম সময় আগে হিনা নিহত হলেও ওই মামলার তদন্তের ফল এখনো জানা যায়নি। এ ধরনের ঘটনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। নারীরা যেন নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে ভয় ছাড়াই বসবাস ও কাজ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

দুই কন্যাসন্তানের মা রাবিয়া আহসান ৯২ নিউজে কাজ করতেন বলে জানা গেছে। তার স্বামী আহসান তাহির ওভারসিজ পাকিস্তানিজ ফাউন্ডেশনের (ওপিএফ) উপপরিচালক হিসেবে কর্মরত। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

সূত্র: এনডিটিভি

বিভি/এনডিটিভি/পিএইচ

মন্তব্য করুন: