• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় এক রাতেই নিহত ৪

প্রকাশিত: ১৭:৪৫, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় এক রাতেই নিহত ৪

ছবি: আলজাজিরা/রয়টার্স

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলায় এক রাতেই অন্তত চারজন নিহত হয়েছেন। এসব হামলায় রাশিয়ার একটি তেল শোধনাগারে আগুন ধরেছে। ইউক্রেনের বন্দরনগরী ওদেসায় রুশ হামলায় নিহত হয়েছেন তিনজন। অন্যদিকে, রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় এক নারী নিহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) ওদেসার সামরিক প্রশাসনের প্রধান জানান, শহরটির একটি স্থাপনায় রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের কিরিশি তেল শোধনাগারে আগুন ধরে যায়। সোমবার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন অঞ্চলটির গভর্নর আলেকসান্দর দ্রোজদেঙ্কো। তিনি জানান, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক নারী নিহত হয়েছেন।

ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধানও জানিয়েছেন, সেন্ট পিটার্সবার্গের কাছে মোরোজভ প্ল্যান্টে হামলা চালিয়েছে ইউক্রেন। কারখানাটিতে বিস্ফোরক এবং ইউক্রেনে হামলায় ব্যবহৃত রুশ ক্ষেপণাস্ত্রের জ্বালানি উৎপাদন করা হয়।

এদিকে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার হামলার জবাব দিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তহবিল দ্রুত ব্যবহারের জন্য নতুন একটি ব্যবস্থা চালুর বিষয়ে সম্মত হয়েছে ইউক্রেন। সোমবার এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগার কিরিশি। লেনিনগ্রাদ অঞ্চলটি বাল্টিক সাগর দিয়ে রাশিয়ার তেল ও শস্য রফতানির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।

লেনিনগ্রাদের গভর্নর আরও জানিয়েছেন, রাতভর হামলায় রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেনের ১১৩টি ড্রোন ভূপাতিত করেছে। একই হামলায় কিরিশি শহরের একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোর খবরে বলা হয়েছে, রুশ বাহিনী তিনটি বিদ্যুৎ উপকেন্দ্র এবং কৃষ্ণসাগরে একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে। মস্কোর দাবি, জাহাজটি ইউক্রেনের সেনাদের জন্য অস্ত্র সরবরাহ করছিল। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আলজাজিরা।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে দেশটির জ্বালানি, তেল ও গ্যাস খাতে ১২৮ বার হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের দাবি, শীত মৌসুমের আগে দেশটির বিদ্যুৎ ও তাপ সরবরাহব্যবস্থা দুর্বল করে দেওয়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে।

সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘এই মুহূর্তে রাশিয়ার হামলার কারণে আমাদের অনেক শহর ও জনপদে বিদ্যুৎ, পানি ও তাপ সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে।’ তিনি জানান, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে তার আলোচনা হয়েছে। তারা একটি বিশেষ জরুরি ব্যবস্থা চালুর বিষয়ে সম্মত হয়েছেন, যার মাধ্যমে সবচেয়ে প্রয়োজনীয় খাতে ইউরোপীয় তহবিল দ্রুত ব্যবহার করা যাবে।

জেলেনস্কি আরও বলেন, ‘এ বিষয়ে আমাদের দল ইতিমধ্যে কাজ শুরু করেছে।’ ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, কিয়েভ, দিনিপ্রো, সুমি ও দোনেৎস্ক অঞ্চল এবং খেরসনে জ্বালানি সংকট সবচেয়ে তীব্র। এদিকে, রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আসন্ন আলোচনা ত্রিপক্ষীয় কাঠামোতেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ক্রেমলিন। সোমবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো দাবি করেছিলেন, আলোচনায় ইউরোপের প্রতিনিধিত্ব থাকবে এবং ফ্রান্সও অংশ নেবে। এর পরিপ্রেক্ষিতে ক্রেমলিন এ অবস্থান জানায়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘ইউরোপীয়দের সঙ্গে ইউক্রেনীয়দের এবং ইউরোপীয়দের সঙ্গে আমেরিকানদের যোগাযোগের জন্য পৃথক চ্যানেল রয়েছে।’

জেলেনস্কি জানিয়েছেন, আবুধাবিতে আসন্ন আলোচনার আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে বৈঠকে আলোচনার বিষয়ে নিজেদের অবস্থান সমন্বয় করেছেন তিনি। জেলেনস্কি বলেন, ‘ত্রিপক্ষীয় আলোচনা থেকে যাতে কার্যকর ফল পাওয়া যায়, সে জন্য আমরা সবকিছু করছি।’

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে একটি ‘বড় ধরনের’ চুক্তির পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, চুক্তিটি শুধু ইউক্রেনকে ঘিরে নয়, বরং ‘পুরো ইউরোপকে’ নিয়েও হতে পারে। তার এ বক্তব্যে ওয়াশিংটন মস্কোর পক্ষ নিতে পারে- এমন আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আলজাজিরা

বিভি/আলজাজিরা/পিএইচ

মন্তব্য করুন: